আট দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে, কমিটির সদস্য তথা তৃণমূলের যুগ্ম সাধারণ সম্পাদক ডেরেক ও’ব্রায়েন চেয়ারম্যান রাধামোহন আগরওয়ালকে চিঠি দিয়ে পশ্চিমবঙ্গে চলতি ‘পুলিশি নির্যাতন এবং বর্বরোচিত আচরণে’ সিএপিএফ (সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স)-এর ভূমিকা নিয়ে আলোচনার প্রস্তাব দেন। সম্প্রতি আগরওয়ালকে চিঠি দিয়ে ওই দাবিকে পূর্ণ সমর্থন জানালেন কমিটির আর এক সদস্য কংগ্রেসের অজয় মাকেন। তিনি চিঠিটি লিখেছেন তাঁর দলের পক্ষ থেকে। প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্য প্রিয়ঙ্কা বঢরাও। রাজনৈতিক শিবিরের বক্তব্য, সনিয়া গাঁধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে ঐক্যের ছবি সম্প্রতি দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দেখা গিয়েছে, তার সঙ্গে মাকেনের এই চিঠি সঙ্গতিপূর্ণ।
মাকেন দাবি করেছেন, যন্তর মন্তরে ছাত্রদের উপর ছররা গুলি চালানো এবং এ সব ক্ষেত্রে পুলিশের এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল) সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ধার্য করা হোক। কংগ্রেস নেতার বক্তব্য, এর আগেই কমিটির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। পশ্চিমবঙ্গের ভোটের প্রসঙ্গ উল্লেখ করে মাকেন লিখেছেন, ২ লক্ষ ৪০ হাজারেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিযুক্ত করা হয়েছিল বাংলার ভোটে। যে ৭০ হাজার জওয়ানকে ভোট পরবর্তী হিংসা প্রতিরোধে নিয়োগ করা হয়েছিল, তাঁরা ৪ মে কার্যত নিশ্চল হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর অনুরোধ, ছররা গুলি চালানোর ঘটনা এবং ডেরেকের চিঠির দাবিকে একত্রে নিয়ে আলোচনা করা হোক কমিটির পরবর্তী বৈঠকে।