কলকাতা-সহ রাজ্যের আট জায়গায় মঙ্গলবার সকালে তল্লাশি অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, ১৬০ কোটি টাকা প্রতারণার মামলায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
বিশ্বজিৎ বিশ্বাস নামে এক ব্যবসায়ী ইডির নজরে। বিশ্বজিৎ বিভিন্ন নামে ব্যবসা খুলে প্রতারণা করেছেন বলে অভিযোগ। বেশি সুদে আমানতের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের বাইরের বহু মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। এই প্রতারণার ঘটনায় একটা চক্র কাজ করত বলে সূত্রের খবর।
কলকাতা ছাড়া উত্তর ২৪ পরগনার বনগাঁতেও তল্লাশি অভিযানে গিয়েছে ইডি। সেখানে চারটি ঠিকানায় তল্লাশি চলছে বলে সূত্রের খবর। বনগাঁর সুভাষপল্লিতে তল্লাশি চলছে। সেখানে বিশাল নামে এক ব্যক্তির বাড়িতে যান ইডি আধিকারিকেরা। তার পর তাঁর এক আত্মীয় রাজীব বিশ্বাসের বাড়িতেও তল্লাশি অভিযানে যান তাঁরা। একটি এফআইআরের ভিত্তিতে করা মামলায় দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। সূত্রের খবর, ২০১৪-২০২০ সালের মধ্যে মোটা অঙ্কের সুদের টোপ দিয়ে বহু মানুষকে প্রতারিত করা হয়েছে বলে অভিযোগ।