ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার সওকত মোল্লা-সহ পাঁচ অভিযুক্তকে শুক্রবার ২৪ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠাল কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালত। প্রাক্তন বিধায়ক সওকত এবং অ্যাম্বুল্যান্স চালক রহমত আলি মোল্লার জামিনের আর্জিও খারিজ করেছে আদালত। অভিযোগ, গত মার্চে ভাঙড়ে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়। জখম হন কয়েক জন। অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ এবং জখমদের সরিয়ে ফেলা হয় বলেও অভিযোগ। এ দিন পাঁচ ধৃতকে সংশোধনাগার থেকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। ধৃতদের ফের জেল হেফাজতে পাঠানোর আর্জি জানিয়ে এনআইএ-র আইনজীবী জানান, সওকত এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী। সওকত ও রহমতকে জামিন দেওয়ার আর্জি জানান তাঁদের আইনজীবীরা। সওকতের আইনজীবী বলেন, ‘‘মামলাটি মার্চ মাসের। সওকত মূল ষড়যন্ত্রকারী হলে কেন তাঁকে আগেই গ্রেফতার করা হল না। রাজ্য বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে তাঁকে গ্রেফতার করা হল। এটা রাজনৈতিক প্রতিহিংসা।’’ জামিনের আর্জি খারিজ করেছে আদালত।