শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পাথর ছুড়েছিলেন ফরওয়ার্ড ব্লকের ‘গুন্ডা’রা, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এই মন্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদের ঝাঁঝ আরও বাড়ল। শমীকের প্রকাশ্য ক্ষমা-প্রার্থনার দাবি তুলে শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত দল ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি দেবরাজন। পাশাপাশি, একই বিষয়ে শহরে প্রতিবাদ মিছিলও করেছে ফ ব।
নিতিনের উদ্দেশে দেবরাজ তাঁর চিঠিতে বলেছেন, ‘শমীকের মন্তব্য অত্যন্ত আপত্তিকর, দায়িত্বজ্ঞানহীন, ইতিহাস বিকৃতির শামিল। আপনার দলের অনেক প্রবীণ নেতা সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধাশীল হলেও পশ্চিমবঙ্গে আপনাদের কয়েক জন নেতা ভিন্ন অবস্থান নিচ্ছেন। আপনার দল যেন ইতিহাস বিকৃতির হাতিয়ার না-হয়।’ সুভাষচন্দ্র এবং তাঁর প্রতিষ্ঠিত দল সম্পর্কে শমীকের অবমাননকার মন্তব্যের অভিযোগ তুলে ফরওয়ার্ড ব্লকের ডাকে এ দিন ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত প্রতিবাদ মিছিলও হয়েছে। তার আগে রেড রোডে সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদানও হয়েছে। মিছিল শেষে সভা থেকে ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেছেন, “সুভাষচন্দ্রের ইতিহাসকে কলঙ্কিত করতে, ভুলিয়ে দিতে চায় বিজেপি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যিনি ‘দেশনায়ক’, গান্ধীর কাছে যিনি শ্রেষ্ঠ ‘দেশপ্রেমিক’, তাঁকে বিজেপি নেতাদের থেকে শংসাপত্র নিতে হবে না।”
পাশাপাশি, বীরভূমের রামপুরহাটে একটি রাস্তার নাম সুভাষচন্দ্রের বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিতে করা হয়েছে, এমন অভিযোগ তুলে সরব হয়েছে এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বলেছেন, “এই ঘটনা কাকতালীয় নয়। এটা আসলে সুভাষচন্দ্রের নাম জনমানস থেকে মুছে ফেলার এক ঘৃণ্য চেষ্টা।”