বাংলায় তাঁদের হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বুধবার রাতে রাজ্যে এলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। সঙ্গী পুত্র করণ। আজ, বৃহস্পতিবার সকালে নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে আদানি আরোগ্য মন্দির নামের ওই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বুধবার তাঁর দাবি, শুধু আদানি বা মুকেশ অম্বানী নন, সজ্জন জিন্দল থেকে শুরু করে দেশের তাবড় শিল্পপতিরা বাংলায় আসতে মুখিয়ে আছেন। তিনি বলেন, ‘‘গৌতম আদানি সপুত্র আসছেন। তাঁদের হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আমার সঙ্গে তাঁর আরও নানা বিষয়ে কথা হবে।’’
বৃহস্পতিবার দিনভর ঠাসা কর্মসূচি আদানির। সূত্রের খবর, নবান্নে মুখ্যমন্ত্রী ও সরকারের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকের কথা তাঁর। সৌজন্য অনুষ্ঠান গৃহে মধ্যাহ্নভোজ। এর পরে আলিপুরে বণিকসভার অনুষ্ঠান। আলিপুরের পাঁচতারা হোটেলে রাজ্যের প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে বৈঠকও করতে পারেন তিনি। পুজো দিতে পারেন কালীঘাট মন্দিরে। তবে গোষ্ঠীর তরফে আদানির সফর নিয়ে মন্তব্য করা হয়নি।