E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পূর্ণ মালিকানায় নয়া ফ্ল্যাট দেবে সরকার

সরকার জানিয়েছে, আগে একাধিক সরকারি ফ্ল্যাট দীর্ঘমেয়াদি লিজ়ের ভিত্তিতে দেওয়া হত। এখন সেই নীতির বদল হবে। সরকার এখন মালিকানার ভিত্তিতে ফ্ল্যাট দেওয়ার ব্যাপারে উৎসাহ দেবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৫

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রায় সাড়ে তিন হাজার নতুন ফ্ল্যাট তৈরির সিদ্ধান্ত নিল আবাসন দফতর। শুক্রবার মন্ত্রী দীপক বর্মণ জানান, পুরনো এবং প্রস্তাবিত একাধিক আবাসন প্রকল্প যেমন নতুন করে শুরু করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে, তেমনই এ বার থেকে লিজ়ের বদলে পুরোপুরি মালিকানা দেওয়ার পথে হাঁটবে রাজ্য সরকার।

এ দিন সরকার জানিয়েছে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের (এলআইজি, এমআইজি এবং এইচআইজি) জন্য আবাসন তৈরি হবে। আগের দর মতোই এলআইজি গোত্রের ক্ষেত্রে প্রতি বর্গফুট (কার্পেট এলাকা) সাড়ে চার হাজার টাকা দরে দেওয়া হবে। বাজারদরের তুলনায় যা বেশ কম। এমআইজির ক্ষেত্রেও আগের দরের কোনও পরিবর্তন হচ্ছে না। এলাকা বা ভবনের বিশেষত্ব অনুযায়ী প্রতি বর্গফুট (কার্পেট এলাকা) ৫১০০-৫৫০০ টাকার মধ্যে দেওয়া হবে। দফতরের আধিকারিকদের মতে, আবাসন দফতরের ভূমিকা সক্রিয় থাকলে বাজারে একটা প্রতিযোগিতা থাকবে। বেসরকারি ক্ষেত্রে যা খুশি দর তৈরি করা যাবে না। টালিগঞ্জ, শিলিগুড়ি, ডাবগ্রাম, কলকাতায় বাইপাস এলাকা, নিউটাউনের অ্যাকশন এলাকা-২, ঠাকুরপুকুর ইত্যাদি এলাকায় প্রস্তাবিত আবাসনগুলি তৈরি হবে এবং বিধি মেনে তা হস্তান্তর করা হবে নির্বাচিত ক্রেতাদের।

সরকার এ দিন জানিয়েছে, আগে একাধিক সরকারি ফ্ল্যাট দীর্ঘমেয়াদি লিজ়ের ভিত্তিতে দেওয়া হত। এখন সেই নীতির বদল হবে। সরকার এখন মালিকানার ভিত্তিতে ফ্ল্যাট দেওয়ার ব্যাপারে উৎসাহ দেবে। এ ক্ষেত্রে আগের প্রশাসনিক জটিলতাগুলি দূর করা হবে।

মন্ত্রী জানিয়েছেন, অভিযোগ পেতে এবং স্বচ্ছতা আরও বাড়াতে দফতরের পোর্টাল আরও সক্রিয় করা হবে। হাউজ়িং বোর্ডের শূন্য পদপূরণ-সহ বাকি খামতিগুলিও দূর করা হবে শীঘ্রই।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Flat Housing own flat

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy