বিভিন্ন প্রেক্ষিতে পুরনো অভিযোগকে হাতিয়ার করে আবার মামলা শুরুর বিষয়ে লাগাতার হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমন আবহে বাজি-বিস্ফোরণ এবং শব্দ-দূষণ প্রতিরোধ করতে গিয়ে বার বার রাজ্যে মৃত্যুর ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে সেই সংক্রান্ত মামলা ফের চালু করার দাবি তুলে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানাল পরিবেশ সংগঠন, ‘সবুজ মঞ্চ’। লিখিত আবেদনে সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত বলেছেন, ‘শব্দ-দূষণের প্রতিবাদ করতে গিয়ে ১৯৯৭ থেকে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত রাজ্যে ১৫ জন এবং ২০০৯ থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বাজি কারখানায় বিস্ফোরণে ২১১ জন নিহত হয়েছেন। শাস্তির ঘটনা বিরল। অনুরোধ, নতুন করে মামলাগুলি চালু করে দোষীদের সাজা এবং নিহত ও আহতদের পরিবারগুলিকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক।’ লাউড স্পিকারে বাধ্যতামূলক ভাবে ‘সাউন্ড লিমিটার’ ব্যবহার, গত সরকারের আমলে বাজি-শিল্পকে ‘লাল’ থেকে ‘সাদা’ শ্রেণিতে নিয়ে আসার সিদ্ধান্ত পুনর্বিবেচনা, অনুমোদিত বাজি-বাজার ছাড়া অন্যত্র বাজি-ব্যবসা বন্ধ, কালীপুজো ও দীপাবলির আগে বায়ু ও শব্দ দূষণ রোধে আগাম ব্যবস্থা নেওয়া-সহ নানা দাবি তুলেছে ‘সবুজ মঞ্চ’।