Advertisement
E-Paper

সাগরে সরল ঘূর্ণাবর্ত! আরও বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা, দুর্যোগ দক্ষিণেও, রইল চার দিনের পূর্বাভাস

১৫ থেকে ১৭ জুলাই, অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা জারি করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৫:৩১
বাংলাদেশ থেকে ধীরে ধীরে বঙ্গোপসাগরের উপর সরেছে ঘূর্ণাবর্ত।

বাংলাদেশ থেকে ধীরে ধীরে বঙ্গোপসাগরের উপর সরেছে ঘূর্ণাবর্ত। —ফাইল চিত্র।

সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো কলকাতায় সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। বেলা গড়াতেই আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে। যেন দুপুরেই সন্ধ্যা নেমে আসে শহরে। তার পর থেকে কোথাও ঝিরঝিরে, কোথাও মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। উত্তরবঙ্গে অতিভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে সোমবার। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বর্ষাকালীন অক্ষরেখা এই মুহূর্তে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তর অংশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া, বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, তা আরও দক্ষিণে সরে উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে।

মঙ্গলবার: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

বুধবার: ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

বৃহস্পতিবার: হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

শুক্রবার: পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে এই সমস্ত জেলায়। দক্ষিণের বাকি অংশেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গে আবহাওয়ার কোনও সতর্কতা নেই। ফের বৃষ্টি বাড়তে পারে শনিবার থেকে। ওই দিন উত্তরের পাহাড় ঘেঁষা পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিঙে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।

১৫ থেকে ১৭ জুলাই, অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইতে পারে। তার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। এর ফলে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

West Bengal Weather Weather Today Weather Alert Weather Forecast Bengal weather today Kolkata Weather

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy