Advertisement
E-Paper

অক্ষরেখা-ঘূর্ণাবর্তের ফলা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, উত্তরে কত দিন দুর্যোগ?

মৌসুমি অক্ষরেখা এখন এ রাজ্যের সাগরদ্বীপের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই ঝড়বৃষ্টি চলবে রাজ্যে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৮:৪৩
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। — ফাইল চিত্র।

কলকাতায় রবিবার সকাল থেকেই বিক্ষিপ্ত ভাবে চলছে বৃষ্টি। আকাশ মেঘলা। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হচ্ছে। সোমবার জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও মঙ্গলবার থেকে আবার বাড়বে। কয়েক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। অন্য দিকে, উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের সতর্কতা রয়েছে। পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর রবিবার দুপুরে একটি বুলেটিন প্রকাশ করেছে। তাতে জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এখন এ রাজ্যের সাগরদ্বীপের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ওই অঞ্চলের উপর দিয়ে একটি অক্ষরেখাও গিয়েছে। তার জেরেই রাজ্যের উত্তরে কয়েক জেলায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার)। দক্ষিণবঙ্গে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই, তবে ঝড়বৃষ্টি হবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। বুধবার ওই দুই জেলার পাশাপাশি হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কতা নেই।

উত্তরবঙ্গে রবিবারের পরে সোমবারও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। বাকি দুই জেলাতেও ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। মঙ্গলবারও উত্তরবঙ্গের আট জেলায় হলুদ সতর্কতা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির প্রকোপ কমবে, তবে থামবে না।

Rain Forecast

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy