উত্তরপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের বি কে স্ট্রিটে একটি বাড়ি দখল করে রাতারাতি বিজেপির দলীয় কার্যালয় বানিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোটের ফল বেরোনোর পরেই স্থানীয় কিছু যুবক হঠাৎই বাড়িটিতে গেরুয়া রং করে দেন। তখন থেকেই এলাকার বিজেপি কর্মীরা ওই বাড়িতে আসছেন। লাগোয়া একটি আবাসনের অন্যের মিটার বক্স থেকে মালিককে না জানিয়ে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে।
বিষয়টি জানাজানির পরে আবাসনের বাসিন্দারা পুলিশে খবর দেন। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে। পুলিশ জানায়, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। উত্তরপাড়া শহরের তৃণমূল নেতা ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ‘‘যেই দখল করুক, সমর্থনযোগ্য নয়। বর্তমান শাসক দলের দায়িত্বে যাঁরা আছেন, বিষয়টি তাঁরা দেখবেন।’’ বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষের বক্তব্য, ‘‘বিষয়টি জানা নেই। ওখানে সংগঠনের দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের কাছ থেকে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’’