শিবপুর থানায় ঢুকে তাণ্ডবের অভিযোগ উঠল বিজেপির কয়েক জন নেতা-কর্মীর বিরুদ্ধে। কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে হাত তোলা হয়েছে বলেও অভিযোগ। গ্রেফতার হয়েছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সিকান্দার খান-সহ মোট চার জন।
ঘটনার সূত্রপাত সোমবার রাতে। বিজেপির দুই গোষ্ঠীর পুরনো বিবাদ ফের মাথাচাড়া দেয় সেখানে। মারামারি করেন বিজেপি নেতা সিকান্দার এবং দাউদ খানের অনুগামী তথা বিজেপি কর্মীরা। ঘটনাক্রমে দাউদ এবং তাঁর দলবলের গ্রেফতারির দাবিতে সিকান্দার কয়েক জন সঙ্গীকে নিয়ে পৌঁছে যান শিবপুর থানায়। সেখানে আবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগ, থানায় ঢুকে পুলিশকে ধমকান বিজেপি নেতা এবং তাঁর সঙ্গীরা। তাঁরা শাসকদলের লোক বলে হুমকি দেওয়া হয়। শুরু হয় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি। পুলিশের একটি সূত্রে খবর, সেই সময় এক পুলিশ আধিকারিককে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন সিকান্দার। পুলিশকর্মীর গায়ে হাত তোলা হয়।
আরও পড়ুন:
মঙ্গলবার ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। সিকান্দারের পাশাপাশি আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নাম মনোজ খান, জাহিদ কামাল এবং রোহন সিংহ। পাল্টা ওই পক্ষের অভিযোগে ভিত্তিতে দাউদের গোষ্ঠীর দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের হাওড়া আদালতে হাজির করানো হয়।
ওই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রাই দলীয় কোন্দলের অভিযোগ মানেননি। তিনি বলেন, ‘‘এটা বিজেপির কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয়। ওদের ব্যক্তিগত ঝামেলা। কিন্তু থানায় গিয়ে ঝামেলা করা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এ রকম কাজ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’