Advertisement
E-Paper

পুরসভার ভবন নির্মাণের নামে প্রায় ৪ কোটি ঋণ! হাওড়ার ধৃত ব্যবসায়ী, উদ্ধার দেড় কোটি নগদও

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল হাওড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যবসায়ী এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছে। অভিযোগ, ব্যাঙ্ক থেকে ভুয়ো নথি দেখিয়ে ঋণ নিয়েছিলেন তাঁরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ২১:৫৪
হাওড়ায় ধৃত সেই ব্যবসায়ী।

হাওড়ায় ধৃত সেই ব্যবসায়ী। —নিজস্ব চিত্র।

পুরসভার ভবন নির্মাণের নামে ব্যাঙ্ক থেকে প্রায় চার কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ উঠল হাওড়ার এক ব্যবসায়ীর বিরুদ্ধে। তাঁর দুই সহযোগী এবং তাঁকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ব্যাঙ্কশাল আদালত তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযোগ, ভুয়ো নথি এবং নকশা দেখিয়ে তাঁরা ব্যাঙ্ক থেকে ৩ কোটি ৯০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু সময়ে তা পরিশোধ করেননি।

ধৃতের নাম মানস রায়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল হাওড়ায় অভিযান চালিয়ে তাঁকে এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, হাওড়ার শৈলেন মান্না সরণিতে কয়েকটি সংস্থা খুলে অপরাধমূলক ষড়়যন্ত্র করছিলেন তাঁরা। হাওড়া পুরসভার ভবন নির্মাণের কথা বলে ব্যাঙ্ক থেকে ঋণ আদায় করেন। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দারা রাতে চ্যাটার্জিহাট থানা এলাকার নন্দলাল চ্যাটার্জি লেনের একটি ফ্ল্যাটে অভিযান চালান। সেখান থেকে নগদ ১ কোটি ৫৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে ধরা পড়েন অভিযুক্তেরাও।

অভিযোগ, রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এলাকায় বেশ প্রভাবশালী হয়ে উঠেছিলেন মানস। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকেছেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর গেরুয়া উত্তরীয় পরে নিয়েছিলেন মানস। একাধিক বিজেপি নেতার সঙ্গে তাঁর ছবি দেখা গিয়েছে। এ প্রসঙ্গে শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, ‘‘এই ধরনের লোকজনের বাড়বাড়ন্ত তৃণমূলের আমলেই। বিজেপি এ সব বরদাস্ত করে না। অপরাধ করলে শাস্তি হবেই।’’

বুধবারই ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করিয়েছিল পুলিশ। সেই সময়ে তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। আদালতে তদন্তের স্বার্থে তিন জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পুলিশ। আবেদন মঞ্জুর করা হয়েছে।

Howrah Kolkata Police bank frauds

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy