বিদ্যালয়ে প্রতিদিনই হয় মিড ডে মিলের রান্না। পড়ুয়াদের স্বাদ বদল করতে বুধবার উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খাবারের তালিকায় যোগ হল মাছ, মিষ্টি ও বাড়তি আনন্দ। মধ্য হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী বিদ্যালয়ের ঘটনা।
মঙ্গলবার বিদ্যালয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। ‘সারথি’ প্রকল্পে সাইকেল বিতরণ করার পাশাপাশি ছাত্রদের সঙ্গে বসে নিজেও খেয়েছিলেন মিড ডে মিল। বুধবার পড়ুয়া ও শিক্ষকদের জন্য তিনি উপহার পাঠালেন মাছ ও রসগোল্লা।
বিদ্যালয় সূত্রে খবর, মঙ্গলবারে সাইকেল পেয়েছে রাজলক্ষ্মী বিদ্যালয়ের ছাত্রীরাও। তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল মধুসূদন পাল চৌধুরী বিদ্যালয়ে। চড়ুইভাতির আমেজে শিক্ষার্থীদের সঙ্গে পাত পেড়ে খেলেন শিক্ষক ও শিক্ষাকর্মীরাও। উপহারের জন্য ব্যাঁটরার বিদ্যালয়ের বারশো পড়ুয়া ও শিক্ষক-শিক্ষাকর্মীদের তরফে মুখ্যমন্ত্রীকে জানানো হয় ধন্যবাদ।
আরও পড়ুন:
প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী বলেন, ‘‘ বিদ্যালয়ের রান্নাঘর ও খাওয়ার ঘরের অবস্থা ভাল ছিল না। প্রাক্তনীদের সাহায্য নিয়ে নতুনভাবে গড়ে তোলা হয়। মুখ্যমন্ত্রী এসে প্রশংসা করে গিয়েছেন।’’ বলেন, ‘‘আজ মাছ ও রসগোল্লা উপহার দিয়েছেন। ভবিষ্যতে স্মার্ট স্কুল হিসেবে গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।’’ প্রধান শিক্ষক আরও জানান, মিড ডে মিলের কাজে নিযুক্ত ছয়জন মহিলা কর্মচারী। তাঁদের প্রত্যেকের জন্য পাঁচশো টাকা করে পুজোর বকশিস পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।