দলের ভরা বাজারে ২০১৬ সালে তৃণমূল হুগলির খাদিনামোড়ে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর একটি কার্যালয় দখল করে নিয়েছিল। বিধানসভা ভোটে দলের ভরাডুবির পরে ২৭ মে সেই কার্যালয়তৃণমূল নেতৃত্ব ফিরিয়ে দেনসিটুকে। এ বার সেই কার্যালয় বিজেপির লোকজন দখল করে নিল বলে অভিযোগ। রাতে বিজেপির একটি সূত্রে জানানো হয়, আজ, বুধবার ওই কার্যালয় সিটু নেতৃত্বের হাতে ফিরিয়ে দেওয়া হবে।
মঙ্গলবার দুপুরে খাদিনামোড়ে জিটি রোড লাগোয়া ওই কার্যালয় বিজেপি পতাকায় মুড়ে দেন বিজেপির কর্মী-সমর্থকেরা। দেওয়ালে থাকা সিআইটিইউ-র পতাকা খুলে ফেলা হয়। দেওয়ালে লিখে দেওয়া হয় ‘বিজেপি।’ পুলিশ ঘটনাস্থলে যায়।
সিটু নেতা সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমাদের এই কার্যালয়টি তৃণমূল প্রথমে দখল করেছিল। বোধদয় হওয়ায় সম্প্রতি ফেরত দেয়। তৃণমূলের মতো বিজেপিও একই পথে হাঁটছে। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিজেপির লোকেরা দখলদারির রাজনীতি অব্যহত রেখেছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হব।’’
তৃণমূলের হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য, ‘‘দখলদারি না করার জন্য বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্ব নির্দেশ দিচ্ছেন। কিন্তু ওঁদের নিচুতলার কর্মীরা তা শুনছে কই!’’
চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগের প্রতিক্রিয়া, ‘‘দখল ও বদলার রাজনীতি দল বরদাস্ত করবে না। দলীয় কর্মীদের বিরুদ্ধে কোনও রকমের অভিযোগ উঠলে দলীয় ভাবে যেমন ব্যবস্থা নেওয়া হবে, প্রশাসনিক ভাবে আইনত ব্যবস্থা নেওয়া হলেও দল কোনও দায়িত্ব নেবে না।’’