জামিনের আবেদন মঞ্জুর হল না বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলের। তিন দিনের পুলিশি হেফাজতের পর শুক্রবার তাঁকে চুঁচুড়া আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে মঙ্গলবার বাংলা ও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ক্রিকেটারকে গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ। হুগলির মগরা থানায় গত ২৩ জুন অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্নাটকের ওই তরুণী। অভিযোগ, তাঁর সঙ্গে অভিষেকের সাড়ে তিন বছর সম্পর্ক ছিল। তাঁরা ঠিক করেছিলেন, বিয়ে করবেন। একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু বছর দেড়েক আগে তাঁদের মধ্যে সমস্যা হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সময়ে অভিযোগ দায়ের হয়নি। এ বার অভিযোগ দায়ের করেন তরুণী।
আরও পড়ুন:
যদিও সেই সময় তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন অভিষেক। বেঙ্গালুরু থেকে ফোনে তিনি আনন্দবাজার ডট কম-কে বলেছিলেন, “এখন আমি ভাল খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।” অভিযোগ দায়েরের পর বেশ কিছু দিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় ওই তরুণী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাই কোর্টের বিচারপতি নির্দেশ দেন, অভিষেককে গ্রেফতার করতে হবে। তার পরেই পদক্ষেপ করেছে পুলিশ।