আগুন নয়, বরং জমা জল সরাতে এ বার দমকলের ডাক পড়ল! বুধবার সকালে হাওড়ার ৫০ নম্বর ওয়ার্ডের ধারাপাড়া এলাকায় দেখা গেল এই বিরল দৃশ্য।
বৃষ্টি থেমে যাওয়ার পরেও হাওড়া পুরসভার কয়েকটি নিচু এলাকায় জল জমে রয়েছে। নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। রাস্তার দু’পাশের নর্দমায় জল জমে থাকার কারণে পাম্প দিয়েও রাস্তার জল নামানো সম্ভব হচ্ছে না। তাই এ বার অভিনব উদ্যোগ হাওড়া পুরসভার। জল সরাতে নামানো হল দমকল।
আরও পড়ুন:
মঙ্গলবার পর্যন্ত জল না-নামায় দমকলের শরণাপন্ন হয় প্রশাসন। সোমবার সকালে দমকলকর্মীরা একটি সাকশন মেশিন ও ট্যাঙ্ক সঙ্গে নিয়ে এলাকায় উপস্থিত হন। তার পর থেকে সেই সাকশন মেশিনের সাহায্যে জল তুলে, ট্যাঙ্ক ভর্তি করে, দূরে ফাঁকা জায়গায় ফেলছেন কর্মীরা। দিনভর কাজ চলছে।
বুধবার এই কাজ পরিদর্শন করতে এসেছিলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি জানান, বিগত সরকার নিকাশিব্যবস্থার উন্নতির জন্য কোনও কাজ করেনি। ফলে বর্ষাকাল এলেই মানুষের দুর্ভোগ শুরু হয়। বৃষ্টির জমা জল কিছুতেই বেরোতে পারে না। তাই বিশেষ উপায়ে দমকলের সাহায্যে জল তুলে নিয়ে অন্যত্র ফেলতে হচ্ছে। আগামী দিনে জলযন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দিতে সরকারের বেশ কিছু পরিকল্পনা আছে, এমনটাই জানান বিধায়ক।
দমকলকর্মীদের কাজের ধরন সম্পর্কে জিজ্ঞাসা করলে তাঁরা জানান, শুধুমাত্র আগুন নেবানোই দমকলের কাজ নয়। তাঁদের কাজ, যে কোনও সঙ্কটের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। তাঁরা মনে করিয়ে দিলেন, দমকল আদতে আগুন ও জরুরি ঘটনা সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে।