পূর্ত দফতর থেকে বছর দেড়েক ধরে একাধিকবার নোটিস দেওয়ার পরেও আরামবাগ থেকে খানাকুলের গড়েরঘাট যাওয়ার রাস্তায় রামনগর মোড়ের চারটি দোকান সরানো হচ্ছিল না। জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার সেই চারটি দোকান বুলডোজ়ার দিয়ে ভেঙে দখলমুক্ত করল পূর্ত দফতরের নির্মাণ ২ বিভাগ।
পূর্ত দফতরের এক জেলা আধিকারিক বলেন, ‘‘আরও যেখানে রাস্তা বেদখল হয়ে রয়েছে, সেগুলি চিহ্নিত করে দখলমুক্ত করা হবে।’’
রামনগর মোড় থেকেই খানাকুল ১ ব্লক অফিস যাওয়ার রাস্তা রয়েছে। এ দিন পূর্ত দফতরের অভিযানকে ঘিরে যাতে অশান্তি না হয়, সে জন্য ঘটনাস্থলে ছিলেন খানাকুল ১-এর বিডিও অদিতি গঙ্গোপাধ্যায় ও পুলিশ বাহিনী। যাঁদের দোকান ভাঙা পড়ল তাঁদের মধ্যে আকাশ দোলুই এবং অনুপ পোড়েল জরির কারখানা চালাতেন। প্রবীর মণ্ডলের ট্রাক্টর সারানোর কাজ করতেন এবং মুক্তরাম দোলুই ধান কেনাবেচা করতেন। আকাশের অভিযোগ, ‘‘আমাদের বিকল্প ব্যবস্থা না করেই ভেঙে দিল। আমরা বলেছিলাম, যখন রাস্তা চওড়া হবে, তখন নিজেরাই সরে যাব। কিন্তু তাতে কর্ণপাত না করে আমাদের রুটি-রুজি কেড়ে নেওয়া হল।’’