জলের উপর বিশালাকার শাপলা ফুলের পাতা। নাম জায়ান্ট ওয়াটার লিলি। এ রকম এক পাতায় বসে ভেসে থাকার অভিজ্ঞতা কেমন? সেই রোমাঞ্চকর অনুভূতি পর্যটকদের দিতে হাওড়ার শিবপুরে আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে চালু হল ‘জায়ান্ট ওয়াটার লিলি’ রাইড। আর তা প্রাণভরে উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
জলের উপর যে সমস্ত উদ্ভিদ জন্মায় তার মধ্যে সবচেয়ে বড় হল শাপলা ফুল। এর বৈজ্ঞানিক নাম ভিক্টরিয়া আমাজনিকা। মূলত এই লিলি প্রজাতির সুন্দর ফুল ও তার বিশালাকার পাতার উদ্ভিদ দক্ষিণ আমেরিকার। ১৮৫০ সালে সংরক্ষণ ও গবেষণার জন্য বৈজ্ঞানিক রবার্ট স্কট এই উদ্ভিদ নিয়ে আসেন শিবপুরের বটানিক্যাল গার্ডেনে। ২০২০ সালে ঘূর্ণিঝড় আমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয় এই উদ্ভিদ। তার পর উদ্যান কর্তৃপক্ষের উদ্যোগে নতুন করে সংরক্ষণের কাজ শুরু হয় এবং তাতে সাফল্য মেলে।
বিশালাকার পাতার উপরে হালকা থার্মোকলের সাহায্যে ভেসে থাকছেন ছোট থেকে বড় সকলেই। — নিজস্ব চিত্র।
উদ্যানের বিজ্ঞানী আর সরভানন জানান, উদ্যানের অধিকর্তা কনাদ দাস ও গার্ডেন ইনচার্জ মানস ভৌমিকের উদ্যোগে এ বার শুরু হয়েছে ‘জায়ান্ট ওয়াটার লিলি রাইড’। দেশের মধ্যে এটি প্রথম। জলের উপর জীবন্ত এই উদ্ভিদের প্রায় চার ফুট ব্যাসার্ধের এই পাতায় বসে আনন্দ নিতে পারবেন পর্যটকেরা। এই রোমাঞ্চকর অভিযান নিতে উদ্যানে আসছেন তাঁরা। বিশালাকার পাতার উপরে হালকা থার্মোকলের সাহায্যে ভেসে থাকছেন ছোট থেকে বড় সকলেই। প্রায় ৯০ কেজি ওজন পর্যন্ত মানুষ এই পাতায় বসতে পারেন। এই নতুনত্ব উদ্যোগে খুশি পর্যটকেরা। এখনও পর্যন্ত প্রায় ২৫০ জন পর্যটক এই আনন্দ উপভোগ করেছেন। আগামী দিনে এই রাইড আরও জনপ্রিয় করে তুলতে চান উদ্যান কর্তৃপক্ষ।