এটি হাওড়া পুরসভার একমাত্র পানীয় জলের প্রকল্প। সেই পদ্মপুকুর জল প্রকল্পের একটি পাম্প খারাপ হয়ে যাওয়ায় তীব্র জলসঙ্কটে পড়েছে শহর। গত মঙ্গলবার পাম্প বিকল হলেও সেটি সারানো যায়নি ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও। এর ফলে কোথাও জল সরবরাহ করা হচ্ছে অল্প কিছু ক্ষণের জন্য, কোথাও তা-ও হচ্ছে না। অভিযোগ, বৃহস্পতিবার পর্যন্ত এ নিয়ে সরকারি তরফে কোনও বিবৃতিও দেওয়া হয়নি। এ দিন রাত পর্যন্ত কার্যত নির্জলা কাটাতে হয় বহু বাসিন্দাকে। তবে পুরসভা জানিয়েছে, বিকল পাম্পটি সারানোর চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে, আজ, শুক্রবারের মধ্যে শহরে জল সরবরাহ স্বাভাবিক হবে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, গঙ্গার ইনটেক পয়েন্ট থেকে পাম্প করে জল পদ্মপুকুর প্রকল্পে নিয়ে আসার পরে তা শোধন করে প্রকল্পের ভিতরে থাকা পাম্পের মাধ্যমে হাওড়ার ৫০টি ওয়ার্ডে সরবরাহ করা হয়। যে তিনটি পাম্প এই কাজ করে, তার মধ্যে একটি গত মঙ্গলবার খারাপ হয়ে যায়। ফলে, রিজ়ার্ভারে জল থাকলেও সচল থাকা মাত্র দু’টি পাম্প দিয়ে তা ৫০টি ওয়ার্ডে পাঠানো সম্ভব হয়নি। কোনও ওয়ার্ডে ১০ মিনিট, কোথাও ১৫ মিনিট জল সরবরাহ করা হয়েছে।
ইঞ্জিনিয়ারদের বক্তব্য, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে পদ্মপুকুর জল প্রকল্পের অবস্থা শোচনীয়। যে তিনটি পাম্প জল সরবরাহের কাজ করে, সেগুলি মাঝেমধ্যেই বিকল হয়ে যায়। প্রকল্পের ভিতরের জল শোধনের ‘বেড’গুলিও কর্মক্ষম নেই।
হাওড়া পুরসভার এক পদস্থ কর্তা বলেন, ‘বুধবার বিষয়টি জানতে পারি। বিকল পাম্পের মেরামতি চলছে। আশা করা যায়, শুক্রবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।’’