কলকাতার রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যেই পথে নামতে দেখা গিয়েছে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেলা, প্রস্রাব করা, থুতু ফেলার মতো একাধিক বিষয়ে কড়া পদক্ষেপ করার বার্তা দিয়েছে রাজ্য সরকার। এ বার উলুবেড়িয়া পুরসভাও এলাকার রাস্তা পরিষ্কার ও সুন্দর রাখতে উদ্যোগী হল। রাস্তায় লেখা হল ‘রাস্তা পরিষ্কার রাখুন’। উলুবেড়িয়া শহরের ওটি রোড-সহ একাধিক রাস্তায় ওই লেখা হয়। শহরকে পরিষ্কার ও সুন্দর রাখতে আগেও একাধিক সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
তবে পুর নাগরিকদের একাংশের অভিযোগ, উলুবেড়িয়া শহরে যে ভাবে ফুটপাত দখল করে রাস্তার উপরে উঠে এসে এক শ্রেণির মানুষ ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তাতে যাতায়াতে মানুষের নাভিশ্বাস উঠছে। পুরসভা যদি এর পরে রাস্তা যানজটমুক্ত করতে উদ্যোগী হয়, তা হলে সাধারণ মানুষ স্বস্তিতে শহরে চলাচল করতে পারবেন।
অনুপম রায় নামে শহরের এক প্রৌঢ় বাসিন্দা বলেন, ‘‘শহর পরিষ্কার রাখতে নতুন উদ্যোগ খুবই ভাল। কিন্তু রাস্তা পরিষ্কার রাখতে হলে ফুটপাতের দখলদারদের আগে সরাতে হবে।’’ তিনি জানান, পূর্বতন সরকার রাস্তা যানজটমুক্ত করার জন্য মেদিনীপুর খালের পাশ দিয়ে বহু টাকা খরচ করে বাইপাস রাস্তা তৈরি করেছিল। কিন্তু দেখা যাচ্ছে, সে রাস্তা সব সময় ফাঁকা। অথচ, শহরের মুল রাস্তায় সবসময় যানজট।
উলুবেড়িয়া পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অরূপকুমার মণ্ডল বলেন, ‘‘পুরমন্ত্রীর নির্দেশ মতোই রাস্তার উপরে লেখা হয়েছে। রাজ্যের সব পুরসভাতেই হচ্ছে। আমাদের আগেই লেখার কাজ হয়ে যেত। বৃষ্টির কারণে পিছিয়ে গিয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের সঙ্গে শীঘ্রই বৈঠক করা হবে।’’