Advertisement
E-Paper

‘কার চোখকে ফাঁকি দিবি? আমি তো ১৫ বছর চালিয়েছি’, আকাশে ড্রোনের দিকে চেয়ে কটাক্ষ প্রাক্তন মুখ্যমন্ত্রীর!

সভার মাঝে মমতা বলে ওঠেন, ‘‘ওই দেখো, ড্রোন ঘুরিয়ে বেড়াচ্ছে... কে কে আছে মঞ্চে, দেখছে।’’ ড্রোনগুলো সরে যেতে দেখে তিনি বলতে থাকেন, ‘‘পালাচ্ছে, চোরের মতো পালাচ্ছে।’’

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৯
Mamata Banerjee

শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

বিধানসভা ভোটে পরাজয়ের পর কলকাতার বাইরে শনিবার এই প্রথম জনসভা করলেন তিন বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ড্রোনের দিকে চেয়ে’ হুগলির শ্রীরামপুর কোর্ট মাঠ থেকে বিজেপিকে তোপ দাগলেন তিনি। অভিযোগ, জনসভায় তাঁর সঙ্গে কে কে রয়েছেন, আকাশপথে তার নজরদারি করছে শুভেন্দু অধিকারীর সরকার। এমনকি, মমতার এ-ও অভিযোগ, তাঁর সঙ্গে বাড়িতে দেখা করতে যাওয়া প্রত্যেক ব্যক্তির উপর নজরদারি করছে সরকার।

সভার শুরুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করেন মমতা। তার পর এক পঙ্‌ক্তিতে ফেলে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন। এসআইআর নিয়ে নাতিদীর্ঘ বক্তৃতা করার সময় হঠাৎ মমতা তাকান মাথার উপরের দিকে। উপস্থিত সকলে তাঁকে অনুসরণ করেন উপরে তাকান। দেখা যায়, একাধিক ড্রোন। তাই দেখে মমতা বলতে থাকেন, ‘‘ওই দেখো, ড্রোন ঘুরিয়ে বেড়াচ্ছে... কে কে আছে মঞ্চে, দেখছে।’’ ড্রোনগুলো সরে যেতে দেখে তিনি বলতে থাকেন, ‘‘পালাচ্ছে, চোরের মতো পালাচ্ছে। কে কে বসে আছে, রাত্রে তাকে অ্যারেস্ট করবে। হাতের সামনে প্রমাণ করে দিলাম।’’ তার পর প্রশাসনকে তোপ দাগেন তৃণমূলনেত্রী। তাঁর কথায়, ‘‘ড্রোনের নৃত্য হচ্ছে! মাঠে জল সাফ করার লোক নেই। আরে কার চোখকে ফাঁকি দিবি রে! আমি তো চালিয়েছি, পনেরো বছর। আমি তো জানি, কোথা থেকে কী হয়। একটা মিটিংয়ের ড্রোন ঘুরিয়ে দেখছে কে কে এসেছে।’’

নাম না করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সঙ্গে থাকা বিধায়কদের সমালোচনা করেছেন মমতা। বলেন, ‘‘ওদের বিজেপির কাছে খেয়েপরে থাকতে দিন। ওরা বিরোধী দল নয়। ওরাও এক দিন যাবে। ভাবছে এই ভাবে চলবে? পুলিশ নিয়ে চলছে, টাকা নিয়ে দুলছে। আর বলছে, ‘আমার পরিবারকে বাঁচাব’! মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল।’’

হুগলির শ্রীরামপুরে সভায় মমতা বন্দ্যোপাধ্যায়।— নিজস্ব চিত্র।

হুগলির শ্রীরামপুরে সভায় মমতা বন্দ্যোপাধ্যায়।— নিজস্ব চিত্র।

মমতার এই সভা করা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। পুলিশ-প্রশাসনের অনুমতি না-পেয়ে আদালতে গিয়েছেন মমতার দলের নেতারা। তার মধ্যে গত কয়েক দিনে হুগলি জেলার বেশ কয়েক জন মমতাপন্থী তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। তৃণমূলনেত্রীর অভিযোগ, ‘‘এখন ভয় ইন। ভরসা আউট। তবে বিপদঘণ্টা বেজে গিয়েছে। আর বেশি দিন নেই।’’

অন্য দিকে, ঋতব্রতপন্থী তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত সমাজমাধ্যমে মমতার সভার ছবি দিয়ে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, ‘জননেত্রী’ বলে যিনি পরিচিত, তিনি সভা করছেন কার্যত ফাঁকা মাঠে। পাল্টা তোপ দেগেছেন মমতার অনুগামীরা।

Mamata Banerjee TMC BJP Drone

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy