হুগলির জাঙ্গিপাড়ার দিলআকাশ গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি গ্রামে একটি অনুষ্ঠানে বিজেপির মঞ্চে দেখা যায় রমেশ মাহাতোকে। হাওড়া ও হুগলির ‘ত্রাস’ বলে পরিচিত, বেশ কয়েকটি খুন, তোলাবাজি, জমিদখলে অভিযুক্ত হুব্বা শ্যামলের এক সময়ের ‘সঙ্গী’ ছিলেন রমেশ। পরে হুব্বা শ্যামলকে খুনের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। তাঁকে শাসকদলের এক অনুষ্ঠানের মঞ্চে বৃহস্পতিবার দেখা গেলে বিতর্ক তৈরি হয়। বিধায়ক জানিয়েছেন, কার অনুমতি নেওয়া হয়েছে, জানা হবে। তদন্ত হবে।
রমেশের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এ হেন রমেশকেই বিজেপির মঞ্চে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিতে দেখা যায় একটি ভিডিয়োয় (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)।
আরও পড়ুন:
জাঙ্গিপাড়ার বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগ জানিয়েছেন, এই ঘটনার তদন্ত হবে। ওই অনুষ্ঠানে বেশ কয়েক জন বিজেপিকর্মী ছিলেন। কেন তাঁরা এক জন ‘সমাজবিরোধীকে’ এ ভাবে মঞ্চে তুললেন, কার অনুমতি নেওয়া হয়েছে, তা জানা হবে। জেলা সভাপতি এবং রাজ্য সভাপতিকে এই নিয়ে তিনি রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন। বিধায়কের কথায়, ‘‘রমেশ মাহাতো এক জন কুখ্যাত দুষ্কৃতী। তাঁর বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা রয়েছে। তার কালো সাম্রাজ্য হাওড়া-হুগলির বিভিন্ন জায়গায় রয়েছে। তাকে জাঙ্গিপাড়ায় এনে মানুষকে ভুল বার্তা দেওয়া হচ্ছে।’’