প্রায় এক মাস ধরে ঢাকনাবিহীন অবস্থায় পড়ে রয়েছে রাস্তার পাশের ৫০ ফুটের একটি নিকাশি নালা। এর জেরে উলুবেড়িয়া ৩০ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এককড়ি সিংহ রায় রোডে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর ক্ষোভ, এ বিষয়ে বার বার প্রশাসনে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া শহর থেকে এই রাস্তা ধরেই চলে যেতে হয় উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায়। এই পথেই পড়ে স্বাস্থ্যকেন্দ্র, দু’টি হাই স্কুল ও বেশ কয়েকটি প্রাথমিক স্কুল। প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই পথ দিয়ে। যানবাহন চলারও অন্ত নেই।
তাঁদের অভিযোগ, কয়েকদিন আগে উলুবেড়িয়ার উপ পুরপ্রধান-সহ একাধিক তৃণমূলের পুরসদস্য পদত্যাগ করেছেন। তারপরেই পুরসভার বিভিন্ন কাজে গতি দেখা যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দা রাজু অধিকারী বলেন, ‘‘বর্ষায় সব বৈদ্যুতিক খুঁটিতে আলো নেই। সন্ধ্যার পরে ওই পথে হাঁটা যায় না। নালাগুলি এখন যেন মরণফাঁদ।’’
উলুবেড়িয়ার মহকুমাশাসক মানসকুমার মণ্ডল বলেন, ‘‘বিষয়টি জানা ছিল না। শীঘ্রই এলাকা পরিদর্শন করে খোলা নালা ঢাকা দেওয়া হবে।’’