২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। কিন্তু সকাল সকাল দুয়ারে পুলিশ! থানায় নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ চলল। দুপুরে জানা গেল গ্রেফতার করা হয়েছে হুগলির চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে! এ বারেও অসিতের বিরুদ্ধে তোলাবাজি সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু ঘনিষ্ঠদের দাবি, অসিতকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল ভিন্ন কারণে। তার পর অন্য মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ৩১ মে অসিতকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের কাজে বাধা দেওয়া, তোলাবাজি, শ্লীলতাহানির মতো অভিযোগ ছিল তৃণমূলের ওই প্রবীণ নেতার বিরুদ্ধে। ১৯ দিন জেলে থাকার পর জামিন পান অসিত। জেলে বসেই জানতে পারেন, মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে হুগলি জেলা তৃণমূলের সভাপতি করেছেন। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করার পর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আবার থানায় নিয়ে যাওয়া হয়। সেই সময় নিজের গ্রেফতারি প্রসঙ্গে অসিত বলেন, ‘‘কী আর বলব... সব আমার ভাগ্যের দোষ!’’
অসিতের অনুগামীরা জানিয়েছেন, ২১ জুলাই কালীঘাট তৃণমূলের সভায় যাওয়ার কথা ছিল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতির। বাড়িতে তৈরি হচ্ছিলেন তিনি। তার মধ্যে সকালে তাঁর বাড়িতে হাজির হয় চুঁচুড়া থানার পুলিশের একটি দল। প্রাক্তন বিধায়ককে তারা থানায় নিয়ে যায়। অনুগামীদের অভিযোগ, অন্যায় ভাবে অসিতকে আটকে রেখেছিল পুলিশ। তাঁদের দাবি, তাঁরা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে না পারেন, তাই এই ব্যবস্থা!
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে অসিতের বাড়ি গিয়ে হুমকি, ভয় দেখানো, টাকা চাওয়ার অভিযোগে হাবড়া থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে শনাক্ত করতেই অসিতকে ডাকা হয়েছিল। পরে অন্য মামলায় তিনি গ্রেফতার হয়েছেন।