ফরওয়ার্ড ব্লকের পরে আর এক বাম শরিক আরসিপিআইয়ের অভ্যন্তরীণ বিরোধের আঁচ পৌঁছল বামফ্রন্টে। রাজ্যে এই দলের সাংগঠনিক অস্তিত্ব তেমন কিছু না-থাকলেও বাম শরিক হিসেবে তারা ভোটে লড়ে এখনও। আরসিপিআইয়ের প্রবীণ নেতা মিহির বাইন সাধারণ সম্পাদক হওয়ার পরে র্যাডিক্যাল সোশ্যালিস্ট নামে একটি গোষ্ঠীর হাতে দলকে তুলে দিতে চাইছিলেন বলে তাঁর বিরোধী গোষ্ঠীর অভিযোগ। কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে তাঁকে বহিষ্কার করা হয়েছে এবং নদিয়ার নেতা অসীম ঘোষকে অস্থায়ী ভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ওই অংশের দাবি। অন্য অংশ অবশ্য পাল্টা বলছে, এ ভাবে কোনও পদক্ষেপ নেওয়া যায় না। সূত্রের খবর, বামফ্রন্টকে চিঠি দিয়ে আরসিপিআইয়ের প্রতিবাদী অংশের তরফে দাবি করা হয়েছে, তাদের প্রতিনিধিত্ব বদল হচ্ছে। আবার অন্য অংশ ফ্রন্টকে পাল্টা জানিয়েছে, মিহিরই এখনও সম্পাদক।