এ বার নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামেরা। ৬ অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া নন্দীগ্রামে সিপিআইয়ের টিকিটে লড়বেন শান্তিগোপাল গিরি। হুমায়ুন কবিরের ছেড়ে যাওয়া রেজিনগর আসনে লড়বেন সিপিএম প্রার্থী সইদ আসাদ আলি। ওই দুই আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। তবে বিজেপি বা তৃণমূল এখনও প্রার্থী ঘোষণা করেনি।
গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু নন্দীগ্রাম ছাড়াও লড়েছিলেন ভবানীপুর কেন্দ্র থেকেও। দুই কেন্দ্র থেকেই জেতেন তিনি। ভোটে জেতার পর নন্দীগ্রাম আসন ছেড়ে দেন। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে কমিশনকে। একই ছবি রেজিনগরেও। হুমায়ুন রেজিনগর ছাড়াও নওদা আসন থেকেও লড়েছিলেন। জেতেন দুই আসন থেকেই। ভোটের পর রেজিনগর ছেড়ে দেন হুমায়ুন। উপনির্বাচনে এই কেন্দ্রে নিজের পুত্র গোলাম নবি আজাদকে (রবিন) প্রার্থী করেছেন বিধায়ক। আগামী ৯ অক্টোবর এই দুই কেন্দ্রে উপনির্বাচনে ফলঘোষণা।
নন্দীগ্রামে ২০২৬ বিধানসভা নির্বাচনেও বামেদের প্রার্থী ছিলেন শান্তিগোপাল। তিনি ২,৯৯৭ ভোট পেয়েছিলেন। যেখানে বিজয়ী শুভেন্দু পেয়েছিলেন ১,২৭,৩০১ ভোট। রেজিনগরে প্রার্থী দেয়নি বামেরা। সমর্থন করেছিল ওয়েস্ট বেঙ্গল সোসালিস্ট পার্টির প্রার্থী তুষারকান্তি চট্টোপাধ্যায়কে। তিনি পেয়েছিলেন ৭৪৮ ভোট। এ বার সেখানে প্রার্থী দিল সিপিএম।
আরও পড়ুন:
রাজ্যে জোড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মনোনয়ন জমা দেওয়া যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল এখন তিন ভাগে বিভক্ত। মমতাপন্থী তৃণমল, ঋতব্রতপন্থী তৃণমূল এবং এনসিপিআই-তৃণমূল। উপনির্বাচন নিয়ে এনসিপিআই-তৃণমূলের কোনও উচ্চবাচ্য নেই। বাকি দুই শিবিরই বলছে, তারা প্রার্থী দেবে। দুই শিবিরই বলছে, প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে নন্দীগ্রামের ‘ভূমিপুত্র’ কোনও মুখকে আদৌ প্রার্থী করতে পারবে কি তারা? তা নিয়ে কৌতূহল ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে কংগ্রেস, সিপিএম প্রার্থিতালিকা ঘোষণা করল। নন্দীগ্রাম থেকে কংগ্রেসের টিকিটে লড়বেন মিলন প্রধান। আর মুর্শিদাবাদের রেজিনগর থেকে কংগ্রেসের প্রার্থী আব্দুল্লাহিল কাফি। এ বার বিজেপি এবং তৃণমূলের দুই শিবির কী করে, নজর সে দিকে।
রেজিনগরে বামফ্রন্টের শরিক দল আরএসপি প্রার্থী দিতে চেয়েছিল। কিন্তু সিপিএম সেই শরিকি দাবি মানেনি। শনিবার বামফ্রন্টের তরফে সিপিএমের প্রার্থী ঘোষণা করা হয়েছে রেজিনগরের জন্য। সূত্রের খবর, বিষয়টি নিয়ে আরএসপি এবং সিপিএমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার আগেই সিপিএমের তরফে এই প্রার্থী ঘোষণায় অসন্তুষ্ট আরএসপি নেতৃত্ব। সিপিএমের বিরুদ্ধে পাল্টা তারা প্রার্থী দিয়ে দেয় কি না সেটাই দেখার।