স্বাধীনতা দিবসকে ঘিরে এ বার একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বামেরা। এক দিকে যেমন ছাত্র সংগঠন এসএফআইয়ের আয়োজনে ‘আজ়াদি সম্পাহ’ পালন হচ্ছে, তেমনই কলকাতা ও সংলগ্ন এলাকায় বহু সভা করে স্বাধীনতার লড়াইয়ের ইতিহাস তুলে ধরা হচ্ছে আরএসএস-বিজেপির ‘ইতিহাস বিকৃতি’র পাল্টা হিসেবে। এর পরে আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় বড় মিছিল করার সিদ্ধান্ত নিল বামফ্রন্ট। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এই বছর ফের সাম্রাজ্যবাদ-বিরোধী দিবস বড় করে পালন করতে চায় বামেরা।
সূত্রের খবর, আলিমুদ্দিন স্ট্রিটে শুক্রবার বামফ্রন্টের বৈঠকে ঠিক হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর ধর্মতলা থেকে মহাজাতি সদন বা তার কাছাকাছি কোনও এলাকার অভিমুখে মিছিল হবে। প্রথমে পরিকল্পনা ছিল, আগামী ২৮ সেপ্টেম্বর কলকাতায় সাম্প্রতিক রাজনীতির নানা প্রশ্নে বামফ্রন্টের ডাকে সমাবেশ হবে। কিন্তু ১ সেপ্টেম্বর ‘মহামিছিল’ ঠিক হওয়ায় ২৮ তারিখ জেলায় জেলায় সমাবেশ-সহ কর্মসূচির পথে যাবে বামেরা। যে ভাবে আলাপ-আলোচনা এবং সুষ্ঠু প্রক্রিয়া ছাড়াই কলকাতা পুরসভার পুনর্বিন্যাস ঘটিয়ে ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদেও পুরসভা চত্বরে সমাবেশের পরিকল্পনা নিচ্ছে বামেরা। সেই প্রতিবাদের কর্মসূচি চূড়ান্ত হবে কলকাতা জেলা বামফ্রন্টে আলোচনা করে। বাম সূত্রের খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পরে রাজ্যের প্রায় ২৭ লক্ষ মানুষ যে ভাবে ‘বিবেচনাধীন’ হয়ে ঝুলে রয়েছেন, সেই সমস্যার সমাধানের দাবিতে সব শরিক দলের তরফেই সক্রিয়তা বাড়ানোর কথা হয়েছে ফ্রন্টে।