দিঘার পর্যটনকে আরও আকর্ষণীয় ও উন্নত করে তুলতে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন করে আরও দু’টি ব্লকের নির্দিষ্ট কিছু অংশকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিধানসভায় আয়োজিত রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পেয়েছে।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছেন। তাঁর ঘোষণা অনুযায়ী, দিঘা-শঙ্করপুর এবং সংলগ্ন উপকূলীয় এলাকার পর্যটনের সার্বিক বিকাশ, স্থানীয় মানুষের জন্য আরও বেশি করে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে। ‘দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ’ (ডিএসডিএ)-এর পরিকল্পনা এলাকার পরিধি সম্প্রসারণের প্রস্তাব মন্ত্রিসভায় রাখা হয়েছিল, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
জানা গিয়েছে, বর্তমানে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অধীনে মোট ৫১টি মৌজা রয়েছে। এই ৫১টি মৌজার সঙ্গে এ বার নতুন করে কাঁথি-১ এবং কাঁথি-২ ব্লকের আরও ২০টি মৌজাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে উন্নয়ন পর্ষদের কাজের পরিধি যেমন আরও বৃদ্ধি পাবে, ঠিক তেমনই বৃহত্তর এলাকা জুড়ে পর্যটনের আধুনিক পরিকাঠামো গড়ে তোলা অনেক বেশি সহজ হবে।