প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা মাসে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় বুধবার তিনি জানিয়েছেন, নিয়ম সংশোধন করে অগস্ট মাস থেকেই প্রাক্তন বিধায়কদের বর্ধিত ভাতা কার্যকর হবে। প্রাক্তন বিধায়কেরা এখন পেনশন ও চিকিৎসা ভাতা মিলিয়ে তিন স্তরে যথাক্রমে ১৪, ১৬ ও ১৮ হাজার টাকা পান। সেই টাকাই চার হাজার করে বাড়বে আপাতত। প্রাক্তন বিধায়কদের কল্যাণ সমিতি অবশ্য পেনশনের ন্যূনতম অঙ্কও বাড়ানোর দাবি তুলেছেন। তাঁদের যুক্তি, বিভিন্ন রাজ্যে প্রাক্তন বিধায়কেরা গড়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা অবসরকালীন ভাতা পান। সরকারি সূত্রে বলা হচ্ছে, বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশের আগে গোটা বিষয়টি বিবেচনা করে দেখা হবে। এর পাশাপাশি বর্তমান বিধায়কদের নিজেদের এলাকায় কার্যালয় খোলার জন্য আর্থিক সহায়তাও দেবে রাজ্য সরকার। বিধায়কদের সেই কার্যালয়ের নাম দিতে হবে ‘নেতাজি সুভাষ সেবা কেন্দ্র’। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দলীয় কার্যালয়ের বাইরে এলাকার মানুষের জন্য বিধায়কেরা যে কেন্দ্র থেকে পরিষেবা দেওয়ার কাজ করবেন, তার জন্যই টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘যাঁরা কাজ করবেন না, টাকা পাবেন না।’’