রেল আধিকারিকের আর্থিক দুর্নীতির মামলায় আরও দু’জনকে গ্রেফতার করল সিবিআই।
শনিবার সকালে ঘুষ নেওয়ার অভিযোগে সত্যম কুমার নামে এক রেলকর্তা-সহ তিন জনকে গ্রেফতার করেছিল সিবিআই। ওই তিন অভিযুক্তকে বিকেলে কলকাতা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে বিচারক ৩০ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন।
সিবিআই সূত্রে দাবি, ওই তিন জনকে জেরা করেই শনিবার রাতে অমিত তিব্রেওয়াল এবং অঙ্কিত অঞ্চালিয়া নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা একটি বেসরকারি সংস্থার কর্তা বলে জানা গিয়েছে। অভিযুক্তদের রবিবার কলকাতা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়েছিল। বিচারক ৩০ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
কেন্দ্রীয় তদন্ত-সংস্থা সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর জ়োনের সিগন্যাল এবং টেলিকমিউনিকেশন বিষয়ক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদাধিকারী সত্যমকে ঘুষ নিয়ে ঠিকাদারদের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। একটি বেসরকারি সংস্থাকে অগ্রাধিকার দিয়ে সিগন্যাল যোগাযোগের কাজের বরাত পাইয়ে দেওয়ার জন্য তিনি চার লক্ষ টাকা ঘুষ নেন বলে সিবিআইয়ের অভিযোগ। তদন্তকারীদের দাবি, ওই বেসরকারি সংস্থার কাছ থেকে ঘুষ নেওয়া হবে বলে আগাম খবর মিলেছিল। এর পরেই মামলার তদন্তকারী অফিসার মলয় দাসের নেতৃত্বে সিবিআইয়ের একটি দল টাকা লেনদেনের সময়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। ওই রেলকর্তাকে হাতেনাতে ধরা হয় বলে সূত্রের খবর।
ওই অফিসারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এর আগেও বেশ কয়েক বার তিনি লক্ষাধিক টাকা ঘুষ নেন বলে দাবি তদন্তকারীদের। ওই মামলায় এ রাজ্য এবং ভিন্ রাজ্যে ওই অফিসারের বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।