করমপুজো উপলক্ষে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার ‘করম পুজো’ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।
অর্থ দফতরের তরফে বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর সব রাজ্য সরকারি দফতরে পূর্ণদিবস ছুটি থাকবে। পাশাপাশি, সরকারি নিয়ন্ত্রণাধীন বিধিবদ্ধ সংস্থা, বোর্ড ও কর্পোরেশন, পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এমনকি, ছুটি পাবেন চা-বাগানের আদিবাসী (জনজাতি) জনগোষ্ঠীর কর্মীরাও।
আরও পড়ুন:
কলকাতা বা শহরাঞ্চলে করমপুজো বিশেষ দেখা যায় না। অথচ রাজ্যের বড় অংশেই করমপুজো পালিত হয়। মূলত মানভূম এলাকার এই উৎসব দেখা যায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে। উত্তরবঙ্গের কোথাও কোথাও করম উৎসব হয়। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় এই উৎসব। করম গাছের ডাল মাটিতে পুঁতে শুরু হয় উৎসব। কোথাও কোথাও মেলাও বসে করমপুজো উপলক্ষে। জনজাতি গোষ্ঠীর নাগরিকদের বড় উৎসব এই করমপুজো বা করম পরব। ২০২৩ সালে প্রথম এই উৎসবে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরও তৎকালীন তৃণমূল সরকার করমপুজোয় ছুটি ঘোষণা করেছিল।