E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বাড়িতে রান্নার গ্যাসের নতুন সংযোগ শীঘ্রই, নিশ্চুপে বাড়ছে দাম

গ্যাস বণ্টনকারীদের (ডিলার) একাংশের অভিযোগ, সাধারণ গ্রাহকেরা এই পরিবর্তনে ক্ষুব্ধ হবেন। তবে এ ভাবে এক ঢিলে অনেকগুলি পাখি মারতে চাইছে মোদী সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ০৬:৫৩

—প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পরে গত মার্চ থেকে দেশে গৃহস্থালির রান্নার গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ করা হয়েছিল। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই প্রথম পর্যায়ে কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে ফের পরীক্ষামূলক ভাবে তা দিতে শুরু করছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে সেই গ্যাসের দাম এ বার বাড়িয়ে দেওয়া হল। আপাতত নতুন সংযোগে গ্রাহকেরা ১৪.২ কেজির নয়, ১০ কেজির ‘ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডার’ (এফটিএল) পাবেন। যার দাম হবে বাণিজ্যিক গ্যাসের সমতুল (প্রতি কেজি অনুযায়ী) এবং বাজারদর অনুযায়ী দাম বদলাবে। কলকাতায় এখন এই গ্যাস কিনতে গ্রাহককে গুনতে হবে ১৬০০ টাকার কিছু বেশি। প্রশ্ন উঠছে, আগামী দিনে এত চড়া দামের কোপ কি সব গৃহস্থের ঘাড়েই পড়তে চলেছে?

গ্যাস বণ্টনকারীদের (ডিলার) একাংশের অভিযোগ, সাধারণ গ্রাহকেরা এই পরিবর্তনে ক্ষুব্ধ হবেন। তবে এ ভাবে এক ঢিলে অনেকগুলি পাখি মারতে চাইছে মোদী সরকার। প্রথমত, নতুন গ্যাস পাওয়ার সুবিধা খুললেও পরিমাণে কম দেওয়া যাবে। দ্বিতীয়ত, দাম এ ভাবে বাড়িয়ে বাণিজ্যিক গ্যাসের সমতুল করে দেওয়া হল। তৃতীয়ত, আগামী দিনে সব ক্ষেত্রেই গৃহস্থালির গ্যাসের দাম এবং ওজন বদলের রাস্তা খোলা হল।

তেল সংস্থাগুলির বক্তব্য, নতুন সংযোগে ১০ কেজির এফটিএল সিলিন্ডার আপাতত বর্তমান পরিস্থিতির কারণে দেওয়া হচ্ছে। পরে ১৪.২ কেজি মিলবে। যাঁরা ১৪.২ কেজির সিলিন্ডার কেনেন, তাঁরা সেটাই পাবেন। এখন কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩০৮১ টাকা এবং গৃহস্থালির ৯৬৮ টাকা। ইন্ডিয়ান অয়েল এলপিজি ডিলার্স অ্যাসোসিয়েশনের কর্তা বিজন বিশ্বাসের কথায়, ‘‘এতদিন বাণিজ্যিকের সংযোগ মিলছিল। কিন্তু গৃহস্থালির বন্ধ ছিল। সেটা চালু হলেও নিশ্চুপে গৃহস্থের গ্যাসের দাম বৃদ্ধির পথ খোলা হল।’’ সংশ্লিষ্ট মহলের মতে, আপাতত চারটি শহরে নতুন নিয়মের সংযোগ দিয়ে প্রতিক্রিয়া দেখা হচ্ছে। সেই অনুযায়ী ঠিক হবে তা গোটা দেশে চালু হবে কি না।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Domestic Gas Fuel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy