রাজ্যের বাজেট বক্তৃতায় পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কিন্তু অভিযোগ, তার পরে বহু দিন কেটে গেলেও বেতন বৃদ্ধি তো দূর, তার বিজ্ঞপ্তিটুকুও জারি করেনিরাজ্য সরকার।
প্রসঙ্গত, বাজেটে পার্শ্ব শিক্ষকদের বেতন এক ধাক্কায় ৫ হাজার টাকা বাড়ানোর কথা বলেছিলেন অর্থমন্ত্রী। একই ভাবে বৃত্তিমূলক শিক্ষকদেরও (এনএসকিউএফ) অভিযোগ, বিধানসভায় অর্থমন্ত্রীর ঘোষণা মতো তাঁদের ২ হাজার টাকা বেতন বৃদ্ধি হওয়ার কথা। সেই বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়নি। অভিযোগ, জুলাই মাসের বেতন এখনও পাননি বহু শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে), মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (এমএসকে)শিক্ষকেরা। শিক্ষক মহলের মতে, পার্শ্ব শিক্ষক, বৃত্তিমূলক শিক্ষক বা এসএসকে, এমএসকে শিক্ষকেরা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামাঞ্চলে তাঁরা পড়ুয়াদের বড় ভরসা। যদিও কাজের তুলনায় বেতন খুবই কম পান। এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধির প্রতিশ্রুতির পরেও কেন তা কার্যকর হচ্ছে না, সেই প্রশ্ন উঠেছে।
পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের রাজ্য সভাপতি ভগীরথ ঘোষ বলেন, ‘‘বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বেতন বৃদ্ধির ঘোষণা করলেন। পরে মুখ্যমন্ত্রীও সেই কথা বললেন। অগস্ট থেকে বর্ধিত বেতন কার্যকর হওয়ার কথা ছিল। অথচ বিজ্ঞপ্তিই প্রকাশিত হল না!’’ পার্শ্ব শিক্ষকদের একাংশের দাবি, অগস্ট মাসের বেতনের বিল ইতিমধ্যে ট্রেজ়ারিতে পাঠানো হয়ে গিয়েছে। তাই আগামী মাসেও হাতে পুরনো বেতনই মিলবে। ভগীরথ বলেন, ‘‘প্রাথমিকের পার্শ্ব শিক্ষকেরা ১০ হাজার আর উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকেরা মাসে ১৩ হাজার টাকা পান। এত কম বেতনে বহু দায়িত্বপূর্ণ কাজ আমাদের করতে হয়।’’
বৃত্তিমূলক শিক্ষকদের সংগঠন ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিরুপম কোলে বলেন, ‘‘আমাদের ২০০০ টাকা বেতন বৃদ্ধির কথা বিধানসভায় ঘোষণা করলেও এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি। আমাদের বেতনের ৬০ শতাংশ কেন্দ্র ও ৪০ শতাংশ রাজ্য দেয়। কেন্দ্রের ৬০ শতাংশ কিন্তু অনুমোদন মিলেছে বলে জানতে পেরেছি। তা হলে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি বেরোচ্ছে না কেন?’’ আজ, বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলও করছেন তাঁরা। মানবসম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের সভাপতি মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মাদ্রাসার এমএসকে শিক্ষকেরা দু’মাস বেতন পাচ্ছেন না। সংখ্যালঘু উন্নয়ন দফতরে ডেপুটেশন দিয়েছি। অবিলম্বে মাদ্রাসার এমএসকে শিক্ষকদের বেতন দিতে হবে এবং সাধারণ এসএসকে, এমএসকে শিক্ষকদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে।’’
শিক্ষামন্ত্রী দীপক বর্মনের অবশ্য দাবি, ‘‘পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি দ্রুত বেরোবে। এসএসকে, এমএসকে শিক্ষকদের বেতন নিয়মিত হচ্ছে। কোথাও সমস্যা থাকলেও তা মিটে গিয়েছে।’’