গরু পাচারের মামলায় তদন্ত শুরু হতেই ২০২০ নাগাদ বিদেশে পালান তিনি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত যুব নেতা বিনয় মিশ্র এখন ভানাটু দ্বীপরাষ্ট্রের নাগরিক। তবে দুবাই, লন্ডনে তাঁর নিত্য যাতায়াত বলে তদন্তকারীদের দাবি। দুর্নীতির মামলায় অভিযুক্ত বিদেশে পালিয়ে কার্যত অধরা বিনয়ের নামে এ বার ওপেন অ্যারেস্ট ওয়ারেন্টের আর্জি জানিয়েছে সিবিআই। এই গ্রেফতারি পরোয়ানার কোনও বাঁধাধরা সময় থাকে না।
সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ সিবিআই বিশেষ আদালতে এই আর্জি জানানো হয়। ১৩ অগস্ট ওই আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে খবর। পলাতক বিনয়কে অভিষেকের ঘনিষ্ঠ বলে আবেদনে উল্লেখ করেছে সিবিআই।
সিবিআই সূত্রে দাবি, বিএসএফ, রাজ্য পুলিশ, প্রভাবশালী নেতা-মন্ত্রীদের একাংশের যোগসাজশে ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত গরু পাচারে প্রায় ৫০০ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছিল। এর সিংহভাগ কালো টাকা বিনয় মারফত প্রভাবশালীদের কাছে পৌঁছেছিল বলে তথ্যপ্রমাণ মেলার দাবি তদন্তকারীদের। তদন্তকারী এক অফিসার বলেন, “প্রভাবশালীদের ধরার ক্ষেত্রে বিনয় গুরুত্বপূর্ণ সাক্ষী। দুর্নীতির কালো টাকা আদায় এবং প্রভাবশালীদের কাছে সরবরাহে বিনয় একটি প্রধান যোগসূত্র ছিল।” সাধারণত নির্দিষ্ট মেয়াদ থাকে গ্রেফতারি পরোয়ানার। তবে বিদেশে বিনয়ের যত্রতত্র গতিবিধির জন্যই তদন্তে সময় চেয়ে অনির্দিষ্ট কালের ‘ওপেন অ্যারেস্ট ওয়ারেন্ট’-এর আর্জি জানানো হয়েছে।