জাতীয় নির্বাচন কমিশনের ‘অভ্যন্তরীণ বিরোধ’ সামনে আসার পরে রাজ্যে বিরোধীদের পথের আন্দোলন চলছেই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) ফলে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ‘বৈধ’ ভোটারদের নাম ফেরানো এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে বুধবার আলাদা করে পথে নামল আরএসপি, ফরওয়ার্ড ব্লকের গণসংগঠন যুব লীগ, কংগ্রেস।
আরএসপি-র ডাকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর অভিযান হয়েছে। দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, মৃন্ময় সেনগুপ্তেরা জানিয়েছেন, মিছিল বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে যাওয়ার কথা থাকলেও পথেই তা আটকায় পুলিশ। দু’পক্ষে বচসা বাধে। শেষমেশ ধর্মতলায় লেনিন মূর্তির সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন আরএসপি নেতা-কর্মীরা। হয়েছে সভাও। পরে আরএসপি-র পাঁচ জনের প্রতিনিধিদল অতিরিক্ত সিইও-র সঙ্গে দেখা করে দাবিদাওয়ার কথা জানিয়েছেন।
একই বিষয়ে যুব লিগের ডাকেও নির্বাচন কমিশনের দফতর অভিযান হয়েছে। মৌলালিতে জমায়েত করে এস এন ব্যানার্জি রোড হয়ে মিছিল ধর্মতলায় পৌঁছতেই পুলিশ তা আটকে দেয়। এর আগে মৌলালি যুব কেন্দ্রে কনভেনশন হয়েছে। ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক স্বরূপ দেব-সহ অন্যেরা। পাশাপাশি, জ্ঞানেশের গ্রেফতারি চেয়ে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি মানস সরকারের নেতৃত্বেও শহরে মিছিল হয়েছে।