আসন্ন কলকাতা পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের যে প্রক্রিয়া, তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ধারাবাহিক ভাবে সরব রয়েছে বিরোধী দলগুলি। এই প্রেক্ষিতে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির কলকাতা জেলা প্রস্তুতি কমিটির ডাকে মঙ্গলবার কলকাতা পুরসভা অভিযান হল। দুপুরে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েতের পরে এই কর্মসূচি থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর-এ ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের নাম পুনর্বহাল করে পুরভোট করা এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়া বন্ধের দাবিও তুলেছে সমিতি। পাশাপাশি, জ্ঞানেশের অপসারণের সঙ্গেই এসআইআর, নতুন শ্রম-কোড বাতিল, ন্যূনতম মজুরি, সর্বজনীন পেনশনের মতো বেশ কয়েকটি দাবিতে আজ, বুধবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ও জমায়েতের ডাক দিয়েছে সিপিআই (এম-এল) লিবারেশনের শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ।