পুজোর ছুটির মধ্যেই জামিনে জেল থেকে বেরিয়ে বাড়ি ফিরেছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গত ১৮ অক্টোবর রবিবার, সপ্তমীর দিন প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে তাঁকে ছাড়া হয়েছে। ১৬ অক্টোবর ষষ্ঠীর দিন সুপ্রিম কোর্ট সন্দীপকে জামিন দিয়েছিল।
যদিও তার আগে কলকাতা হাই কোর্ট ওই জামিনের আবেদন খারিজ করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ১৮ অগস্ট সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন সন্দীপ। দু’বছর হাজতবাস এবং বিচারের বর্তমান অগ্রগতি বিবেচনা করে সুপ্রিম কোর্ট জানায়, সন্দীপের আবেদন মঞ্জুর করতে আদালত আগ্রহী। তবে জামিনের শর্ত নিম্ন আদালত স্থির করে দেবে। সূত্রের খবর, সেই মতো আলিপুর আদালত চারটি শর্ত দেয়। তাতে মামলার বিচার প্রক্রিয়ার শুনানিতে হাজির থাকতে হবে, আদালতের অনুমতি ছাড়া কলকাতার বাইরে যাওয়া যাবে না, পাসপোর্ট জমা রাখতে হবে এবং সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করা যাবে না বলেই জানানো হয়েছে।
সূত্রের খবর, আদালত থেকে কাগজপত্র আসার পরে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া সম্পন্ন করে সন্দীপকে জেল থেকে ছাড়া হয়। সন্দীপের জামিনের বিরোধিতা করে ফের রাস্তায় নামার ডাক দিয়েছে ‘ভয়েস অব অভয়া, ভয়েস অব উইমেন’। নির্যাতিতার বাবার কথায়, “সন্দীপের যাবজ্জীবন হওয়া উচিত ছিল। কিন্তু সিবিআই কিছুই করেনি। তবে ধৈর্য রাখতে হবে। আমরাও আদালতের মাধ্যমে সিবিআইয়ের উপর চাপ রাখছি। ”