রাজ্যে যত দিন না পরিকাঠামো গড়ে উঠছে এবং আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হচ্ছে, তত দিন বড় অঙ্কের লগ্নি আসার সম্ভাবনা কম, মন্তব্য করলেন শিল্পপতি এবং আরপি সঞ্জীব গোয়েন্কা গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা। বুধবার কলকাতায় বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের শতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘লগ্নি টানার ব্যাপারে আগের সরকারের প্রকৃত ইচ্ছার অভাব ছিল। তাই একাধিক বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিট (বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন) হলেও বড় মাপের পুঁজি আসেনি।
বাংলায় নতুন সরকার আসার পরে শিল্পায়নের অবস্থা কেমন হতে পারে, তা নিয়ে আলোচনা প্রসঙ্গে এ দিন সঞ্জীব বলেন, ‘‘বিগত কয়েক দশক ধরে রাজ্যে পরিকাঠামো উন্নয়নের কোনও চেষ্টা করা হয়নি বললেই চলে। পাশাপাশি অবনতি হয়েছে আইন-শৃঙ্খলার। লগ্নি টানার জন্য উন্নত পরিকাঠামো এবং পরিচ্ছন্ন আইন-শৃঙ্খলার পরিস্থিতি বিশেষ জরুরি।’’ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে সস্তায় বিদ্যুৎ দেওয়া নিয়ে বার্তা, রাজ্যে বিশেষত কলকাতায় তাঁর সংস্থা সিইএসসি-র এলাকায় বিদ্যুতের দাম দেশের অন্য যে কোনও মহানগরীর থেকে কম। প্রতিযোগিতার বাজারে অন্যদের তুলনায় সস্তায় বিদ্যুৎ পাওয়ার আশা ছোট-মাঝারি সংস্থাগুলিকে ছাড়তে হবে। সঞ্জীবের মতে, শিল্পের জন্য জমির সমস্যা মেটাতে যে নীতি আনার কথা বলছে রাজ্য, তার দ্রুত বাস্তবায়ন জরুরি। পরিকল্পনা কত দ্রুত বাস্তবে রূপায়িত হচ্ছে, তার উপর নির্ভর করবে রাজ্যে বড় অঙ্কের লগ্নি আসা।