E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

থানা নয়, পাসপোর্ট নথি যাচাইয়ের দায়িত্বে এ বার এসসিও

নতুন নির্দেশ অনুযায়ী, আগামী মাস থেকে পাসপোর্ট যাচাইয়ের দায়িত্ব আর কলকাতা পুলিশের অধীনস্থ থানাগুলিকে দেওয়া হবে না। তারা শুধু বকেয়া পাসপোর্টের আবেদনের নিষ্পত্তি করবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫৫

—প্রতীকী চিত্র।

নতুন করে পাসপোর্ট যাচাইয়ের কাজ আর কোনও থানা করবে না। এই সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তিতে এ বার নথি যাচাইয়ের দায়িত্ব সিকিয়োরিটি কন্ট্রোল অর্গানাইজ়েশনকে (এসসিও) দিল লালবাজার। আগামী ১ অক্টোবর থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। তবে, বর্তমানে থানা স্তরে যে সব পাসপোর্ট যাচাইয়ের কাজ বকেয়া রয়েছে, তা নভেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। শুক্রবার এই মর্মে থানাগুলিকে নির্দেশ দিয়েছেন কলকাতার নগরপাল অজয় নন্দ। বর্তমানে প্রায় ৪২ হাজার পাসপোর্টের আবেদন বকেয়া রয়েছে কলকাতা পুলিশ এলাকায়।

বর্তমানে পাসপোর্টের আবেদন করলে তার নথি যাচাইয়ের কাজ ভাগ করে নেয় সংশ্লিষ্ট থানা এবং এসসিও। নতুন নির্দেশ অনুযায়ী, আগামী মাস থেকে পাসপোর্ট যাচাইয়ের দায়িত্ব আর কলকাতা পুলিশের অধীনস্থ থানাগুলিকে দেওয়া হবে না। তারা শুধু বকেয়া পাসপোর্টের আবেদনের নিষ্পত্তি করবে। তা নভেম্বরের মধ্যে শেষ করা নিশ্চিত করতে থানার ওসি-কে ব্যক্তিগত ভাবে বিষয়টি তদারকি করতে বলা হয়েছে।

নির্দেশে বলা হয়েছে, থানা স্তরে বকেয়া থাকা পাসপোর্টের আবেদন যাচাইয়ের কাজের অগ্রগতি বিভাগীয় উপ-নগরপালেরা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করবেন। এই সংক্রান্ত কিছু জানার দরকার হলে তা অবিলম্বে পাসপোর্টের দায়িত্বে থাকা অতিরিক্ত নগরপাল (এসবি)-এর গোচরে আনতে হবে। পাসপোর্ট যাচাইয়ের কাজের অগ্রগতির রিপোর্ট সাপ্তাহিক ভিত্তিতে লালবাজারে পাঠাবেন বিভাগীয় উপ-নগরপালেরা। তাতে সপ্তাহের শুরুতে নিষ্পত্তি হওয়া পাসপোর্ট ফাইলের সংখ্যা যেমন থাকবে, সপ্তাহের শেষে কত যাচাই বাকি থাকল, তা উল্লেখ করতে হবে।

প্রসঙ্গত, থানার অফিসারেরা বিগত প্রায় দশ বছর ধরে পাসপোর্টের আবেদন যাচাই করে আসছেন। তা হলে এখন তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছে কেন? লালবাজার জানাচ্ছে, নতুন পাসপোর্টের আবেদন ও পুরনো পাসপোর্ট নবীকরণের সময়ে জমা দেওয়া বিভিন্ন নথির প্রতিলিপি যাচাই করার জন্য তা পাঠানো হয় সংশ্লিষ্ট নথি প্রদানকারী কর্তৃপক্ষের কাছে। ওই রিপোর্ট আসতে সময় লাগায় এমনিতেই পাসপোর্ট যাচাইয়ে দেরি হচ্ছে। এর উপরে থানার অফিসারেরা আইনশৃঙ্খলা রক্ষার কাজ এবং অপরাধের তদন্তে ব্যস্ত থাকায় তাঁদের পক্ষে শুধু পাসপোর্ট যাচাইয়ের কাজে মনোনিবেশ করা অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। পুলিশের দাবি, এই দুই কারণে বকেয়া পাসপোর্ট যাচাইয়ের সংখ্যা বাড়তে বাড়তে ৪২ হাজারে গিয়ে দাঁড়িয়েছে। এক পুলিশকর্তা জানান, এসসিও-কে এই কাজের দায়িত্ব দেওয়ায় পাসপোর্টের নথি যাচাই দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
SCO Kolkata Police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy