E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

নিরাপত্তা বাড়ানো হল ডাক্তার হস্টেলে

হস্টেলের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যালের সহকারী সুপার বিপ্লব হালদারের দাবি, তার ছিঁড়ে যাওয়ায় হস্টেল ভবনের পিছনের কয়েকটি নজর-ক্যামেরা কাজ করছে না।

গৌর আচার্য 

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০৯:৩৭
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ।

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ। ফাইল চিত্র।

দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর উপরে নির্যাতনের প্রেক্ষিতে এ বার রায়গঞ্জ মেডিক্যালের ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের হস্টেলে নিরাপত্তা বাড়াচ্ছেন মেডিক্যাল কর্তৃপক্ষ। মেডিক্যাল সূত্রের খবর, এ বিষয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

জানা গিয়েছে, হস্টেলে বাড়ানো হয়েছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা। রাত ১১টার পরে মহিলা ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের উপযুক্ত কারণ ছাড়া, হস্টেল থেকে না বেরোতে বার্তা দেওয়া হয়েছে। তবে, কড়াকড়ির মাঝেমেডিক্যাল চত্বরে ওই হস্টেল ভবনের পিছনের দিকে চারটি নজর-ক্যামেরা দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে কেন, উঠেছে প্রশ্ন।

পাঁচ তলা ওই হস্টেলের তিন তলা ও চার তলায় পৃথক পরিকাঠামোয় মহিলা ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক মিলিয়ে প্রায় ৬০ জন থাকেন। দোতলা ও পাঁচ তলায় পুরুষ ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের থাকার ব্যবস্থা রয়েছে।

হস্টেলের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যালের সহকারী সুপার বিপ্লব হালদারের দাবি, তার ছিঁড়ে যাওয়ায় হস্টেল ভবনের পিছনের কয়েকটি নজর-ক্যামেরা কাজ করছে না। সেগুলি মেরামতি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। বিপ্লবের অবশ্য বক্তব্য, “ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের হস্টেলে সব সময়ই কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। রাতে সেখানকার ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের মেডিক্যাল ভবনে ডিউটিতে যেতে হয়। তাই মেডিক্যাল চত্বরে পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের পর্যাপ্ত নজরদারির ব্যবস্থা রয়েছে।” সূত্রের দাবি, দুর্গাপুর-কাণ্ডের পরে ওই হস্টেলে অতিরিক্ত ২০ জনেরও বেশি পুরুষ ও মহিলা নিরাপত্তা রক্ষীকে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।

রায়গঞ্জ মেডিক্যাল কলেজের চিকিৎসক-শিক্ষক বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “আর জি-কর কাণ্ডের পরেও ইন্টার্ন, জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের হস্টেলে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। তবে, পরে তা শিথিল হয়ে যায়। এ বার থেকে যাতে ওই হস্টেল নিয়মিত কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যেই থাকে, সে বিষয়ে মেডিক্যাল কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নিতে এবং পদক্ষেপ করতে অনুরোধ জানিয়েছি।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Raiganj Medical College raiganj

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy