রাজ্য পুলিশের ২৩ জন আধিকারিককে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের মধ্যে কলকাতা পুলিশের একাধিক শীর্ষকর্তাও রয়েছেন। তাঁদের অন্যত্র বদলি করা হয়েছে। আইপিএস এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার ওই আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি শুক্রবার প্রকাশ করেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর।
কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইজি, আইবি করে পাঠানো হয়েছে। এ ছাড়া, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে করা হয়েছে রাজ্য পুলিশের ডিআইজি, আইবি। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গি গোয়েন্দা বিভাগের (ডিডি) ডিসি হয়েছেন।
আরও পড়ুন:
স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম। তিনি এত দিন এসটিএফ-এর আইজিপি ছিলেন। শহরের ট্রাফিকের নতুন যুগ্ম কমিশনার করা হয়েছে আইপিএস ভোলানাথ পাণ্ডেকে। তিনি রাজ্য পুলিশের ডিআইজি, আইবি ছিলেন। আইপিএস সুখেন্দু হীরা এত দিন রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) ছিলেন। তাঁকে আনা হয়েছে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (নিরাপত্তা) পদে। এ ছাড়া, আইপিএস নীলু শেরপাকে ডব্লিউবিপিএইচআইডিসিএলের আইজিপি করা হয়েছে। তিনি এত দিন এসসিআরবি-র আইজিপি ছিলেন। আইপিএস শঙ্খশুভ্র চক্রবর্তী ছিলেন হোমগার্ডের আইজি। তাঁকে এসসিআরবি-র আইজিপি করা হয়েছে।
ডব্লিউবিপিএইচআইডিসিএলের ডিআইজি ছিলেন আইপিএস দেবর্ষি দত্ত। তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার করে পাঠানো হয়েছে। আইপিএস নীমা নরবু ভুটিয়াকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর ১০ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার থেকে সিআইডি-র এসএস করা হয়েছে। আইপিএস ধৃতিমান সরকার এসএস, আইবি ছিলেন। তাঁকে পাঠানো হয়েছে মালদহে সিআইডি-র এসএস পদে।
কলকাতা পুলিশের সাইবার শাখায় নতুন ডিসি হচ্ছেন আইপিএস সৌম্যদীপ ভট্টাচার্য। তিনি এত দিন সশস্ত্র পুলিশবাহিনীতে ছিলেন। বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি, ডিডি হচ্ছেন আইপিএস কাজি সামসুদ্দিন আহমেদ। তিনি শিলিগুড়ি থানার ট্রাফিকের ডিসি ছিলেন। আইপিএস কুন্তল বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি হচ্ছেন। দার্জিলিঙের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে ডব্লিউবিপিএস কৌস্তুভদীপ্তা আচার্যকে সরিয়ে আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
কালিম্পঙের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন পূর্ণিমা শেরপা। বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার পদে আনা হচ্ছে অভিষেক রায়কে। এ ছাড়া, মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন মানবেন্দ্র দাস। মালদহ গ্রামীণের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন কুণাল বর্ণাবাস। এঁরা প্রত্যেকেই ডব্লিউবিপিএস আধিকারিক।