মমতা-তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষের উপরে হামলার অভিযোগে রাজ্য মানবাধিকার কমিশনের শুনানিতে গরহাজির রইলেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকেরা। গত সোমবার বেলেঘাটার বিধায়কের অভিযোগ পাওয়ার পরে বুধবার শুনানির দিন ধার্য করেছিলেন কমিশনের চেয়ারম্যান ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। সেই মতো অভিযোগকারী কুণাল হাজির হলেও এ দিন উত্তরপাড়া ও বেলেঘাটার সংশ্লিষ্ট আধিকারিকেরা উপস্থিত থাকতে পারছেন না বলে কমিশনকে জানিয়ে দেন। পুলিশ আধিকারিকেরা অনুপস্থিতির যে কারণ দেখিয়েছেন, তাতে অসন্তুষ্ট কমিশন তাঁদেরই উপযুক্ত তদন্তের নির্দেশ দিয়েছেন। তা করা না-হলে প্রয়োজনে অন্য রাজ্য থেকে পুলিশ এনে কুণালের উপরে হামলার অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়া হতে পারেও কমিশন জানিয়েছে। এই নির্দেশেই স্বাধীন ভাবে ঘোরাফেরা, সভা ইত্যাদি করার সাংবিধানিক অধিকারের কথাও উল্লেখ করেছে কমিশন। আগামী ১২ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি করবে কমিশন। এ দিকে, বেলেঘাটা থানায় কুণালের অভিযোগের ভিত্তিতে ‘অপহরণ করে খুনের চেষ্টা’র মামলা শুরু হয়েছে।