পশ্চিমবঙ্গ তথ্য কমিশনে দুই শূন্য পদ শীঘ্রই পূরণ হতে চলেছে। দুই তথ্য কমিশনার পদের জন্য দু’টি নামের প্রস্তাব লোকভবনে পাঠিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, তথ্য কমিশনে রাজনৈতিক নিয়োগ নয়, অভিজ্ঞ দুই আমলাকে পাঠাতে চাইছে রাজ্য সরকার। প্রাক্তন আইএএস রোশনী সেন এবং প্রাক্তন পুর-কমিশনার খলিল আহমেদের নাম রয়েছে প্রস্তাবিত তালিকায়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মিললে তাঁরা তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হবেন। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার হিসেবে প্রাক্তন ডিজিপি বীরেন্দ্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২৫ সালের মার্চে তথ্য কমিশনার পদে প্রাক্তন আইআরএস অফিসার সঞ্চিতা কুমার ও প্রাক্তন সাংসদ মৃগাঙ্গ মাহাতোকে নিয়োগ করেছিল। সরকার বদলের পরে সঞ্চিতা ইস্তফা দিয়েছেন।