দলের কোচবিহারের জেলা কার্যালয়ে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) অজেয় রানাডের দ্বারস্থ হল এসইউসি। ভবানী ভবনে রানাডের সঙ্গে দেখা করে বৃহস্পতিবার এসইউসি-র তরফে প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল, প্রাক্তন বিধায়ক তরুণকান্তি নস্কর, দলের নেতা মৃদুল সরকার, অজয় চট্টোপাধ্যায়েরা অভিযোগ করেছেন, বিজেপি ক্ষমতায় আসার পরে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এর আগে দলের হাওড়ার জেলা কার্যালয়, ছাত্র সংগঠনের বইয়ের স্টলও ভাঙচুর করেছে। এসইউসি-র দাবি, রানাডে তাঁদের অভিযোগ শুনে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। কোচবিহারের ঘটনা নিয়ে এর আগে সেখানে বিক্ষোভ মিছিল এবং মহকুমাশাসকের দফতরেও দাবি জানানো হয়েছে। এসইউসি-র পলিটব্যুরো সদস্য অমিতাভ চট্টোপাধ্যায় বলেছেন, “মতাদর্শগত ভাবে বিজেপি বিরোধিতা এবং মেহনতি মানুষের স্বার্থে লাঠির মুখে দাঁড়িয়ে লড়াই গড়ে তোলার জন্যই কি আমাদের দলের উপরে এই ভাবে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে?”