দলীয় সভাপতি নিতিন নবীনের নিজস্ব ‘টিম’ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। পরবর্তী ধাপে এ বার কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদলের পাশাপাশি লোকসভা ও একাধিক আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের সংসদীয় বোর্ডের খোলনলচেও পাল্টে ফেলার পথে বিজেপি নেতৃত্ব।
বিজেপিতে সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী কমিটি হল দলের বারো সদস্যের সংসদীয় বোর্ড। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ওই বোর্ডে ব্যাপক রদবদলের কথা ভাবা হচ্ছে। বর্তমান বোর্ডের সদস্য হিসাবে তাতে প্রধানমন্ত্রী, রাজনাথ সিংহ, অমিত শাহ ও দলের সভাপতি নিতিন নবীন থাকছেন। পাশাপাশি ওই বোর্ডে স্থান করে দেওয়ার কথা ভাবা হচ্ছে একাধিক তরুণ নেতাকে, যাদের অনেকেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই তালিকায় একেবারে শীর্ষ রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। তিনি ছাড়াও আরও তিন জন মুখ্যমন্ত্রী ওই বোর্ডে জায়গা পেতে পারেন। তাঁরা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের হিমন্ত বিশ্বশর্মা ও পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী।
সূত্রের মতে, এঁদের চার জনকে স্থান দিতে গিয়ে কোপ পড়তে পারে প্রাক্তন বিজেপি সভাপতি জেপি নড্ডার উপরে। তবে বর্তমানে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীই সংসদীয় বোর্ডের সদস্য নন। সে ক্ষেত্রে একসঙ্গে চার মুখ্যমন্ত্রীকে বোর্ডে নেওয়া নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যেও মতবিরোধ রয়েছে।
আরএসএস-ঘনিষ্ঠ ফডণবীসের অন্তর্ভুক্তি অনেকটা নিশ্চিত বলেই সূত্রের খবর। কারণ তরুণ প্রজন্মের সংস্কারপন্থী নেতা হিসাবে ফডণবীস কেন্দ্রীয় রাজনীতিতে জায়গা পান, এমনটাই চাইছেন আরএসএস নেতৃত্ব। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে দু’বারের মুখ্যমন্ত্রী। সামনেই ওই রাজ্যে ভোট। ফলে সব কিছু ঠিক থাকলে তাঁর অন্তর্ভুক্তি হতে চলেছে বোর্ডে। বাকি দু’জনের মধ্যে অসমের হিমন্ত বিশ্বশর্মা ও পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী দৌড়ে থাকলেও, এঁদের অন্য দল থেকে এসে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে শুভেন্দু সদ্য রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই প্রেক্ষাপটে তিনি যদি এ বার সংসদীয় বোর্ডে জায়গা পান, তা হলে রাজ্য বিজেপিতে ক্ষমতার ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা। সেই কারণে দলের একাংশ চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর কাজের আগে মূল্যায়ন হোক। তার ভিত্তিতে ভবিষ্যতে সংসদীয় বোর্ডে তাঁকে স্থান দেবে দল। যদিও শুভেন্দু বা হিমন্ত দলের এক কেন্দ্রীয় শীর্ষ নেতার ঘনিষ্ঠ হওয়ায় তাঁদের নাম নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।