মাওবাদী নেতা আকাশ ওরফে অসীম মণ্ডল, মদন ধরা পড়েছেন আগেই। আত্মসমর্পণ করেছেন বিক্রম-ও। এ বার আত্মসমর্পণের পথে জবা মাহাতো-সহ তিন মাওবাদী শীর্ষ নেতা-নেত্রী। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে রাজ্য পুলিশের এডিজি (পশ্চিমাঞ্চল)-র কাছে আত্মসমর্পণ করবেন এই তিন জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া পুলিশ লাইনের কনফারেন্স হলে জবা ওরফে বুলু, নয়নতারা সাহু ওরফে মিতা ওরফে ঝুমা ও রামপ্রসাদ মান্ডি ওরফে শচীন আত্মসমর্পণ করবেন। প্রসঙ্গত, জবা ও নয়নতারা ছিলেন মাওবাদী সংগঠনের জ়োনাল কমিটির সদস্য এবং রামপ্রসাদ ছিলেন বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশার আঞ্চলিক কমিটির সদস্য। জেলা পুলিশের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পড়শি রাজ্য ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার কোলহান অঞ্চলেও এই তিন জন সক্রিয় ছিলেন।
আরও পড়ুন:
সূত্রের খবর, মাওবাদীরা দু’টি ইনসাস, একটি একে ফর্টি সেভেন, ১০টি ম্যগাজিন ও ১৫৪ রাউন্ড কার্তুজ জমা দিতে পারেন বলেও অনুমান করছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, তিন মাওবাদী নেতা-নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন থানায় সম্মিলিতভাবে ৭৫টিরও বেশি মামলা রয়েছে। ইউএপিএ ছাড়াও অস্ত্র ও বিস্ফোরক আইনেও অভিযোগ রয়েছে।