Advertisement
E-Paper

কালীঘাটে আবার ধাক্কা! ঋতব্রত শিবিরে যোগ দিতে চলেছেন রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস, মুখ খুললেন নিজেই

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে মাত্র ৩১৬ ভোটে পরাজিত হন তাপস চট্টোপাধ্যায়। তিনি এ বার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে চলেছেন বলে জল্পনা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১৮:১৩
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লেখাতে চলেছেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লেখাতে চলেছেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কালীঘাট তৃণমূলে ফের ধাক্কা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। সূত্রের খবর, শীঘ্রই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তিনি যোগ দিতে চলেছেন। এমনকি, ঋতব্রত তৃণমূলের সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ পদেও তাঁকে বহাল করা হতে পারে। বৃহস্পতিবার এ বিষয়ে জল্পনা আরও উস্কে দিয়েছেন তাপস নিজেই।

২০২১ সালে রাজারহাট-নিউটাউন কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন তাপস। তাঁকেই ২০২৬-এর নির্বাচনেও টিকিট দেওয়া হয়েছিল। তবে বিজেপি প্রার্থী পীযূষ কনোড়িয়ার কাছে মাত্র ৩১৬ ভোটে পরাজিত হন তিনি। তাপস হারার পর মমতা ওই কেন্দ্রের গণনায় কারচুপির অভিযোগ তুলেছিলেন। দাবি, তাপস জিতে গিয়েছিলেন। জোর করে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে। সেই তাপসই এ বার দিদির হাত ছাড়তে চলেছেন বলে খবর। এ বিষয়ে প্রশ্ন করা হলে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি প্রাক্তন বিধায়ক। তবে জল্পনাও জিইয়ে রেখেছেন। তাঁর কথায়, ‘‘এখনই সব বলছি না। সময় হলেই জানতে পারবেন।’’

তাপস নিজে প্রাক্তন সিপিএম নেতা। তৃণমূলে যোগ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেড়েছিল। ‘অভিষেকের লোক’ বলেই পরিচিত ছিলেন দলের অন্দরে। এ ছাড়া, রাজারহাট ও বিধাননগর এলাকার রাজনীতিতে সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা কারও অজানা নয়। সেই সব্যসাচী এখন জেলে। তাপসও পা বাড়াচ্ছেন ঋতব্রত শিবিরে। সূত্রের খবর, শেষ মুহূর্তে বড় কোনও পরিবর্তন না হলে ঋতব্রত শিবিরের সাংগঠনিক কাঠামোয় জায়গা করে নিতে পারেন তাপস। তাঁকে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি করা হতে পারে।

বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকে দলে ভাঙন স্পষ্ট হয়েছে। ক্রমশ দুর্বল হচ্ছে কালীঘাট শিবির। অনেক জয়ী বিধায়ক মমতা-অভিষেকের হাত ছেড়েছেন। ঋতব্রতের নেতৃত্বে পৃথক একটি শিবিরে যোগ দিয়েছেন। দাবি, তাঁরাই আসল তৃণমূল। দলের চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতাকেই। তবে মমতা নিজে এই পৃথক শিবিরকে মান্যতা দিতে নারাজ। ২১ জুলাই শহিদ দিবস উদ্‌যাপনকে কেন্দ্র করেও এই দুই শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আদালতের নির্দেশে শহরের দু’টি পৃথক স্থানে পৃথক ভাবে শহিদ দিবস উদ্‌যাপিত হবে। কামারহাটির বিধায়ক মদন মিত্র বুধবার ঋতব্রতের শিবিরে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছেন। মমতা সমাজমাধ্যমে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিডিয়োবার্তায় জানিয়েছেন, যাঁদের যাওয়ার, তাঁরা যেন ২১ জুলাইয়ের আগেই চলে যান। তার পর তিনি দল নতুন করে গড়বেন। এ বার বেসুরো হলেন তাপসও।

Tapas Chatterjee TMC Ritabrata Banerjee Mamata Banerjee kalighat

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy