E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রাহুলদের সমাবেশে তৃণমূল পাঠাচ্ছে পাঠান, ত্রিপাঠীকে

পটনায় ১ সেপ্টেম্বর বিরোধীদের ‘ইন্ডিয়া’ মঞ্চের ওই সমাবেশে যাবেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের দলীয় নেতা ললিতেশ ত্রিপাঠী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ০৫:০২
রাহুল গান্ধী।

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিহারে যে ‘ভোটার অধিকার যাত্রা’ করছেন, তার শেষে সমাবেশে দলের দুই প্রতিনিধিকে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। পটনায় ১ সেপ্টেম্বর বিরোধীদের ‘ইন্ডিয়া’ মঞ্চের ওই সমাবেশে যাবেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং উত্তরপ্রদেশের দলীয় নেতা ললিতেশ ত্রিপাঠী। স্বয়ং রাহুল পটনার ওই সমাবেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছিলেন বলে তৃণমূল সূত্রের খবর। মমতা বা অভিষেক যে যাবেন না, তা আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বেছে নেওয়া হল ইউসুফ ও ললিতেশকে।

বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) অজুহাতে ‘বৈধ’ ভোটারদের বাদ দেওয়া ও বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগে ‘ভোটার অধিকার যাত্রা’ করছে বিরোধী দলগুলি। ‘যাত্রা’য় রাহুল ছাড়াও নেতৃত্ব দিচ্ছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সঙ্গে রয়েছেন সিপিআই (এম-এল) লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্যও। রাহুল, তেজস্বীদের আমন্ত্রণে কর্মসূচিতে যোগ দিয়েছেন ‘ইন্ডিয়া’ মঞ্চের শরিক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি-সহ অনেকেই।

দেশে বিজেপি-বিরোধীদের এমন ‘প্রধান কর্মসূচি’তে তৃণমূলের প্রতিনিধি কেন ইউসুফ ও ললিতেশ (যাঁরা প্রথম দুই সারিতেও পড়েন না), তা নিয়ে রাজনৈতিক শিবিরে গুঞ্জন রয়েছে। তৃণমূলের অবশ্য ব্যাখ্যা, সর্বভারতীয় স্তরে ইউসুফ সংখ্যালঘু মুখ এবং ক্রিকেটার হিসেবে দেশে পরিচিত। আর বিহার-উত্তরপ্রদেশের রাজনীতির সঙ্গে পরিচয় রয়েছে কংগ্রেস ছেড়ে আসা ললিতেশের।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
TMC Congress Yusuf Pathan INDIA Alliance Rahul Gandhi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy