দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ ‘বন্দে মাতরম্ যাত্রা’র ডাক দিয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)। শুধু ছাত্রছাত্রীরা নন, অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মীদেরও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলির সঙ্গে এবিভিপির সংঘর্ষের জেরে গত প্রায় দু’সপ্তাহ ধরেই যাদবপুর উত্তপ্ত। তার মাঝেই বিশ্ববিদ্যালয় চত্বরে এবিভিপি মিছিলের ডাক দেওয়ায় পরিস্থিতির দিকে নজর রাখছে সব পক্ষই।
উত্তমকুমারের জন্মশতবর্ষপূর্তি উপলক্ষে সরকারি উদ্যোগে রবীন্দ্র সদন চত্বর সাজিয়ে তোলা হবে। সকালে আহিরিটোলায় উত্তম-মূর্তির সামনে শ্রদ্ধার্ঘ জানানো হবে। সকাল ৯টায় টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে উত্তমকুমারের মূর্তিতে জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায়, দেব-সহ টলিউডের অন্য অভিনেতারা। উত্তমের ছবির একটি কাটআউট বিজলী সিনেমা হলের সামনে উদ্বোধন করবেন পরিচালক সন্দীপ রায়।
পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। এই অবস্থায় জামিন চেয়ে সুজিত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এর আগে তাঁর মামলা শুনেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। চেম্বারে ফাইল বিতর্ক কাণ্ডে তিনি মামলা থেকে অব্যাহতি নেন। এখন সুজিতের মামলাটি গিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আজ সেখানে ওই মামলার শুনানি রয়েছে। আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।
বুধবার পর্যন্ত নেপালে ১২০৪ জনের দেহ উদ্ধার হয়েছে। চিনের সংবাদমাধ্যম জানিয়েছে, তিব্বতে ২১ জনের দেহ উদ্ধার হয়েছে। বিপর্যয়ে সব মিলিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২০০। নেপালে বুধবার আরও তিন জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গের ৩৭ জনের এখনও কোনও খোঁজ মেলেনি।
কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আজ। শুক্রবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী তিন দিন ভারী বৃষ্টি হবে। তার পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।