দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাবেন। আজ কেন্দ্রীয় সরকারের ডাকে তিনি রাজধানীতে যাচ্ছেন। রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু বৈঠকও রয়েছে তাঁর। আজ রাতেই কলকাতা ফিরে আসবেন শুভেন্দু।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। দুর্যোগজনিত বিভিন্ন দুর্ঘটনায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনও নিখোঁজ সাত জন। সোমবার এই পরিসংখ্যান দিয়েছেন মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। দুর্গতদের সাহায্যের জন্য রাজ্য জুড়ে খোলা হয়েছে ত্রাণশিবির। অন্য দিকে, অসমের বিভিন্ন জায়গা এখনও জলমগ্ন। বন্যার কারণে ওই রাজ্যে বিভিন্ন ঘটনায় এখনও পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া অনেকে। তবে আগের থেকে অসমের পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। জল নামতে শুরু করেছে। জল নামতে শুরু করেছে ঠিকই, কিন্তু প্রশাসনের সামনে এখনও অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে।
ডুরান্ড কাপে আজ দ্বিতীয় ম্যাচে নামছে মোহনবাগান। ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারানোর পর আজ মোহনবাগানের সামনে সাউথ ইউনাইটেড এফসি। শুভাশিস বসু, লিস্টন কোলাসোদের ম্যাচ যুবভারতীতে সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাঝে কয়েক দিন উত্তরবঙ্গে দুর্যোগের দাপট কিছুটা কমেছিল। তবে ফের বৃষ্টির প্রকোপ বাড়তে শুরু করেছে। আগামী দু’দিন সেখানকার কয়েকটি জেলায় অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।